নিজস্ব প্রতিবেদক : চাঁদপুর শাহরাস্তি খেড়িহর মাদরাসায় মঙ্গলবার অনুষ্ঠিত হলো হজরত মাওলানা শামসুল হক রহ.-এর জীবন শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত। খেড়িহর মাদরাসার দীর্ঘকালীন মুহতামিম বর্ষীয়ান আলেমেদ্বীন মাওলানা শামসুল হক রহ.-এর অবদান এবং দ্বীনী ইলমের জন্য তার নিমগ্নতা ও ভালোবাসার বিষয়গুলো নিয়ে আবেগঘন আলোচনা করেন আলোচকরা।
আজ মঙ্গলবার বিকেল ৩টায় শুরু হয়ে এশা পর্যন্ত চলা এই মাহফিলের আয়োজন করেছিলেন মাদরাসা কর্তৃপক্ষ ও স্থানীয় এলাকাবাসী। আলোচনা করেন মরহুমের বড় ছেলে মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকার রঈস মুফতি আবুল হাসান মুহাম্মাদ আবদুল্লাহ, মারকাযুদ্দাওয়াহ আলইসলামিয়া ঢাকার আমিনুত তালিম, প্রখ্যাত হাদীস বিশারদ মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক, খেড়িহর মাদরাসার বর্তমান মুহতামিম মাওলানা হুসাইন আহমদ, মারকাযুদ্দাওয়াহর উস্তাজুল ইফতা মুফতি মুহাম্মদ ইয়াহইয়া, মরহুমের জামাতা ও শাগরিদ মাওলানা সাঈদ আহমদ প্রমুখ।
আলোচকরা হজরত মাওলানা শামসুল হক রহ.-এর স্মৃতিচারণ করে বলেন, এ যুগে কোনো মাদরাসায় এমন উস্তাজ ও মুহতামিম পাওয়া এক বিরল ঘটনা। তিনি ছিলেন মাদরাসা-অন্তপ্রাণ। মাদরাসাই ছিলো তার ধ্যান-জ্ঞান। ঈদের সময় এবং সাধারণ ছুটির সময়টাও তিনি মাদরাসায় কাটাতেন।
তারা আরো বলেন, মাওলানা শামসুল হক রহ. ছাত্রদের খুব মহব্বত করতেন। দরদের সঙ্গে পড়াতেন। পড়া না পারার কারণে ছাত্রদের কখনও মারতেন না। ছাত্র-উস্তাদের প্রয়োজন ও সুবিধার দিকে সব সময় দৃষ্টি রাখতেন।
উল্লেখ্য, খেড়িহর মাদরাসার সাবেক মুহতামিম হজরত মাওলানা শামসুল হক রহ. ৯৫ বছর বয়সে গত ২৬ ডিসেম্বর ইন্তেকাল করেন।
















