ইসলাম টাইমস ডেস্ক: বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী বলেছেন, এবারের নির্বাচনে বিএনপির মহাপরাজয় হয়েছে। তাদের দলের শৃঙ্খলা ভেঙ্গে গেছে। আর শেখ হাসিনা চতুর্থবারের মতো দেশের প্রধানমন্ত্রী হয়েছেন।
মঙ্গলবার বিকালে বি চৌধুরীর বারিধারার বাসভবনে বিকল্পধারায় যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বি. চৌধুরী বলেন, শেখ হাসিনার নেতৃত্বে ভবিষ্যৎ বাংলাদেশের স্বপ্ন উন্নয়নের রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি, পারস্পরিক শ্রদ্ধার রাজনীতি এই তিনটিকে নিয়েই আমরা ভবিষ্যতে শান্তিপূর্ণ একটি অগ্রগামী বাংলাদেশের স্বপ্ন দেখি।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের নিউজার্সি অঙ্গরাজ্যের কমিউনিটি লিডার ও বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নানের বড় মেয়ে তাসনিমা মান্নান সানিয়াসহ বিভিন্ন দলের নেতা-কর্মীরা বিকল্পধারায় যোগ দেন।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, ইঞ্জিনিয়ার মুহম্মদ ই্উসুফ, অধ্যাপক আনোয়ারা বেগম, মাহমুদা চৌধুরী, এনয়েত কবীর, মীর মর্জিনা বেগম, ওয়াসিমুল ইসলাম, মাহফুজুর রহমান, আবুল বাশার, মাজহারুল ইসলাম শিহাব প্রমুখ।
















