ইসলাম টাইমস ডেস্ক: কিশোরগঞ্জ-১ আসনে প্রয়াত সৈয়দ আশরাফের আসনে মনোনয়ন যুদ্ধে নেমেছেন তার ভাই ও বোন। আজ আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেছেন সৈয়দ আশরাফুল ইসলামের বোন ডা. সৈয়দা জাকিয়া নুর লিপি।
শুক্রবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে সৈয়দা জাকিয়া নুর লিপির পক্ষে তার মামাতো বোন আনা মিলকী মনোনয়নের জন্য আবেদনপত্র ক্রয় করেন।
এর আগে গত বুধবার এই আসনে আওয়ামী লীগের মনোনয়নের জন্য আবেদনপত্র সংগ্রহ করেন সৈয়দ আশরাফুল ইসলামের ছোট ভাই সৈয়দ শাফায়েতুল ইসলাম। ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
সৈয়দ আশরাফের এক ভাই ও বোন ছাড়াও এ আসনে নির্বাচনে লড়তে কিশোরগঞ্জ আওয়ামী লীগের আরো কয়েক জন নেতা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
আগামী ২৮ ফেব্রুয়ারি কিশোরগঞ্জ-১ আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। এই আসনে নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেয়া যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রসঙ্গত, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে সাবেক মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম নির্বাচিত হয়েছিলেন। কিন্তু শপথ নেয়ার আগেই তিনি মারা যান।
















