ইসলাম টাইমস ডেস্ক: শুক্রবার জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর দেওয়া বক্তব্যকে ‘প্রতারণামূলক’ বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পরপর তৃতীয়বার সরকার গঠনের পর আজ শুক্রবার সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এই ভাষণের পর তাৎক্ষণিক ভাবে সাংবাদিকদের কাছে বিএনপি মহাসচিব এই প্রতিক্রিয়া দেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে আওয়ামী লীগের বিজয় ও বিএনপির পরাজয়ের কারণ উল্লেখ করেছেন।
মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, এই নির্বাচনে মানুষের মতামতের প্রতিফলন ঘটেনি। ক্ষমতাসীনরা নজিরবিহীন ভোট ডাকাতি করেছে যা ইতিপূর্বে বাংলাদেশ কখনো হয়নি। ভোট ডাকাতির মাধ্যমে ক্ষমতাসীনরা ক্ষমতা আবার দখল করে নিয়েছেন। এরা আবার বলছেন দেশ পরিচালনা করবেন এবং এরা বিরোধী দলকে সংসদে যাওয়ার জন্য আহ্বান জানাচ্ছেন। তিনি বলেন, এই বক্তব্যের মধ্যে আরও একটা প্রতারণা জনগণের সঙ্গে করা হচ্ছে, বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে মানুষকে।
সংসদে আসতে প্রধানমন্ত্রীর আহ্বান প্রত্যাখ্যান করে বিএনপির এই নেতা বলেন, এই মুহূর্তে সংসদ যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠতে পারে না ‘ বিএনপির মহাসচিব আরও বলেন, একাদশ সংসদে যাওয়ার বিষয়ে দলের অবস্থান পরিষ্কার। এটা কী সংসদ ধরা যায়। তিনি বলেন, বিএনপি ফলাফল প্রত্যাখ্যান করেছে। এই মুহূর্তে সংসদ যাওয়ার বা শপথ নেওয়ার প্রশ্নই উঠতে পারে না। ফখরুল বলেন, ‘বিএনপি বলছে নির্বাচন বাতিল করেন, আবার নতুন নির্বাচন দেন।’
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রীর তার বক্তব্যের মধ্যে তার বিজয়ের যে ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাই প্রমাণ করে যে তারা আসলে কোনো বিজয় অর্জন করেননি, জনগণের ভোটকে ডাকাতি করে নিয়ে গিয়ে ক্ষমতা দখল করে বসেছেন। প্রধানমন্ত্রীর ব্যাখ্যাটা সেটাই প্রমাণ করে।
তিনি বলেন, এর আগে প্রধানমন্ত্রীর কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয়নি। সঠিক ভোটে জিতলে কোনো ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন হয় না। ইতিমধ্যে জাতীয় ও আন্তর্জাতিক পত্র-পত্রিকা, মিডিয়া এবং বিভিন্ন দেশগুলো বক্তব্যের মধ্যে এসেছে যে, এই নির্বাচন কখনোই গ্রহণযোগ্য নির্বাচন হয়নি এবং এখানে মানুষের মতামতের প্রতিফলন হয়নি। ভয়াবহ রকমের নজিরবিহীন ভোট ডাকাতি হয়েছে।
















