ইসলাম টাইমস ডেস্ক : দেশের প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়াকে ‘ধোকাতন্ত্র’ আখ্যা দিয়ে বঙ্গবন্ধুর গণতন্ত্র চালুর দাবি জানিয়েছে বাংলাদেশ কৃষক-শ্রমিক-আওয়ামী লীগ (বাকশাল)।
শুক্রবার (২৫ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আব্দুস সালাম হলে বাকশালের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ দাবি জানানো হয়।
আলোচনা সভায় বাকশালের চেয়ারম্যান শরীফ মোহাম্মদ আমিরুজ্জামান বলেন, ‘দেশে কথিত গণতন্ত্রের নামে ধোকাতন্ত্র বাদ দিয়ে বঙ্গবন্ধুর গণতন্ত্র চালু করতে হবে। শোষণমুক্ত সমাজ বাস্তবায়নে মুক্তিযুদ্ধের অন্যতম মূল্যবোধ সমাজতন্ত্র তথা বঙ্গবন্ধুর নির্দেশিত পথে রাষ্ট্র পরিচালনা করলে সুফল পাওয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘সমাাজিক বৈষম্য কমাতে অতি দরিদ্র পরিবারের জন্য পূর্ণ রেশন ব্যবস্থা চালু করতে হবে। পাশাপাশি বেকার ছেলে-মেয়েদের ভাতা প্রদান ও তাদের কর্মসংস্থানেরও ব্যবস্থা করতে হবে।’
নিষ্পাপ শিশু ও নারী ধর্ষণের হার বেড়ে গেছে উল্লেখ করে শরীফ মোহাম্মদ আমিরুজ্জামান বলেন, ‘কার্যকরী পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নির্যাতনের ঘটনা কমাতে হবে।’
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন অধ্যাপক ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন, শারমিন জাহান ও বাকশালের নেতাকর্মীরা।
















