সদরঘাটে ডিঙ্গি নৌকা ‍ডুবে ৪জন নিখোঁজ, ২জনের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর সদরঘাট টার্মিনাল এলাকায় গতকাল শুক্রবার (২৫ জানুয়ারী) রাত সাড়ে ১১টার দিকে লঞ্চের ধাক্কায় একটি ডিঙ্গি নৌকা ডুবে অন্তত চারজন নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে দুইজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

গতকাল শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে তাদের লাশ উদ্ধার করা হয়। আরো দু’জনের সন্ধানে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল। নিহত ও নিখোঁজদের পরিচয় জানা যায়নি।

সদরঘাট নৌ-থানার ওসি আবদুর রাজ্জাক গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১১টার দিকে সদরঘাট টার্মিনাল এলাকা থেকে একটি ডিঙি নৌকা চারজন যাত্রী নিয়ে কেরানীগঞ্জের তৈলঘাট যাচ্ছিল। এ সময় এমভি মানিক-৩ নামে একটি লঞ্চ ডিঙি নৌকাটিকে ধাক্কা দেয়। এতে ডিঙি নৌকাটি ডুবে যায়।

নৌকাটি ডুবে গেলে মাঝি সাঁতরিয়ে পাড়ে উঠে পড়ে। তবে নৌকার চার যাত্রী নিখোঁজ হন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরির দল রাত সাড়ে ১২টার দিকে দুইজনের লাশ উদ্ধার করে। নৌকার নিখোঁজ অপর দুই যাত্রীকে উদ্ধারের চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ডুবুরির দল।

পূর্ববর্তি সংবাদকুষ্টিয়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ইয়াবা কারবারী নিহত
পরবর্তি সংবাদশেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ট্রাম্প