আল্লামা বাবুনগরী গুরুতর অসুস্থ, ঢাকার বেসরকারি হাসপাতালে ভর্তি

ইসলাম টাইমস ডেস্ক : হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা জুনায়েদ বাবুনগরীর স্বাস্ব্যের অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছন।

আল্লামা বাবুনগরী একান্ত সচিব মাওলানা এনামুল হাসান ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন। কিন্তু তিনি আল্লামা বাবুনগরীর নির্বিঘ্ন চিকিৎসার স্বার্থে হাসপাতালের নাম প্রকাশ না করার অনুরোধ করেন।

তিনি বলেন, ‘তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আজ বিকেলে তাকে ভর্তি করা হয়েছে। ডাক্তার প্রাথমিকভাবে যেসব পরীক্ষা-নিরীক্ষা দিয়েছেন তা করা হচ্ছে। তবে ডাক্তারের পরামর্শে আমরা হাসপাতালের নাম প্রকাশ করতে চাচ্ছি না।’

মাওলানা এনাম জানান, গত ২২ জানুয়ারি আল্লামা বাবুনগরী জ্বরে আক্রান্ত হন। এরপর তার শারীরিক অন্যান্য সমস্যাগুলো বাড়তে থাকে। হার্ট ও কিডনির সমস্যা দেখা দেয়। হেফাজতের রাতে আঘাত পাওয়া বাম পাটি আরও ফুলে গেছে এবং সেখানে ইনফেকশন দেখা দিয়েছে। গতকাল ২৬ জানুয়ারি তার স্বাস্থ্যের অবনতি হলে রাতে তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

তিনি সরকারের কাছে আল্লামা বাবুনগরীর পাসপোর্ট ফেরত দেওয়ারও অনুরোধ করেন। তিনি বলেন, আল্লামা বাবুনগরী নানা ধরনের স্বাস্থ্যগত জটিলতার মধ্যে রয়েছেন। তার হার্ট, কিডনি ও আক্রান্ত পায়ের উন্নত চিকিৎসা দরকার। যা বাংলাদেশে সম্ভব হচ্ছে না। অথচ সরকার দীর্ঘদিন তার পাসপোর্ট আটকে রেখেছেন।

মাওলানা এনামুল হাসান হাটহাজারী মাদরাসা ও আল্লামা বাবুনগরীর পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।

পূর্ববর্তি সংবাদঠিক মতো সেবা না দিলে চিকিৎসকদের ওএসডি করা হবে : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদকুমিল্লায় ২৬ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস