ঢাকা সিটিতে আতিক, কিশোরগঞ্জে আশরাফের বোন আ.লীগের মনোনয়ন পেয়েছেন

ইসলাম টা্ইমস ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ব্যবসায়ী আতিকুল ইসলাম। এবং কিশোরগঞ্জ-১ আসনে মনোনয়ন পেয়েছে প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের বোন সৈয়দা জাকিয়া নূর লিপি।

প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শনিবার রাতে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান।

এর আগে সন্ধ্যা সাড়ে ছয়টায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তাঁদের মনোনয়ন দেওয়া হয়। একই সভায় তিনটি পৌরসভার মেয়র প্রার্থী ও ২৯টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর নির্বাচনে কিশোরগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম সাংসদ নির্বাচিত হলেও শপথ নেওয়ার আগেই ৩ জানুয়ারি মারা যান। ফলে আসনটি শূন্য হয়ে যায়। অন্যদিকে প্রয়াত মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ডিএনসিসি চলছে ভারপ্রাপ্ত মেয়র দিয়ে। এই দুটি নির্বাচনে ভোট গ্রহণ আগামী ২৮ ফেব্রুয়ারি।

ডিএনসিসির উপনির্বাচন গত বছর ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তফসিল ঘোষণার পর উচ্চ আদালতের আদেশে নির্বাচন আটকে যায়। ওই সময় আওয়ামী লীগ বিজিএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলামকে দলীয় প্রার্থী ঘোষণা করেছিল। বিএনপি প্রার্থী করে তাবিথ আউয়ালকে। এখন অবশ্য বিএনপি নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে।

পূর্ববর্তি সংবাদকিশোরগঞ্জে শতাধিক সন্ত্রাসী মিলে হত্যা করল এক যুবলীগ কর্মীকে
পরবর্তি সংবাদগাইবান্ধা-৩ আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে