২৬ দিনেও খোঁজ মেলেনি সাগরে নিখোঁজ ১৪ জেলের

ইসলাম টাইমস ডেস্ক: আজ ২৬ দিন পার হয়ে গেলেও সাগরে নিখোঁজ ১৪ জেলের এখনো কোনো সন্ধান পাওয়া যায়নি। গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় কক্সবাজার শহরের ৬ নম্বর ঘাট থেকে এফভি রিফাত নামের একটি ট্রলারে করে সাগরে মাছ ধরতে যান ১৪ জন জেলে। মাছ ধরতে যাওয়া ট্রলার সাধারণত ১০ থেকে ১২ দিনের মধ্যে ফিরে আসে। কিন্তু আজ ২৬ দিন পরও তারা ফিরে আসেননি। এ নিয়ে তাদের পরিবার পরিজনদের মধ্যে দেখা দিয়েছে চরম উদ্বেগ আর উৎকণ্ঠা।

তাদের স্বজনরা অভিযোগ করে বলেন,‘কোম্পানির কাছে গিয়েছিলাম। তারা কোন গুরুত্ব দিচ্ছে না। সরকারের কাছে দাবি, আমাদের স্বজনদের আমরা ফেরত চাই।’

তবে জেলা পুলিশ বলছে, নিখোঁজ জেলেদের অনুসন্ধানে কাজ করছে তারা।

জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসাইন বলেন,’বিভিন্ন ট্রলারের মাধ্যমে আমরা তাদের উদ্ধারের চেষ্টা করছি। নৌবাহিনী এবং কোস্টগার্ডকে বাংলাদেশের জলসীমায় খোঁজার জন্যে অনুরোধ করছি।’

অবশ্য জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তা জানান, অভিযোগ পাওয়া মাত্র নিখোঁজ জেলেদের অনুসন্ধানে কাজ করছে পুলিশ। পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বলেন, ‘আমরা অভিযোগ পেয়েছি। যাচাই বাছাই হচ্ছে এই বিষয়ে। আমরা সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’

পূর্ববর্তি সংবাদকী ছিল প্রধানমন্ত্রীর আমন্ত্রণপত্রে?
পরবর্তি সংবাদওমরা পালন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী