ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের কচুয়ায় পূর্বশত্রুতার জেরে তিন শতাধিক ফলদ ও বনজ গাছ কেটে ফেলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় বিক্ষোভ ও দুর্বৃত্তদের শাস্তির দাবি জানিয়েছে এলাকাবাসী।
শুক্রবার রাতে চাঁদপুরের কচুয়ার পূর্ব বিতারা গ্রামে এ ঘটনা ঘটে।
এমন অপকর্মের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সোমবার বিতারা-বাইছারা সড়কে বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। তারা এ ধরনের ঘটনা গত ৩০ বছরেও ঘটেনি জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক নুরুল ইসলাম বাদী হয়ে একই গ্রামের বাচ্চু মিয়া, আব্দুল মান্নান, আবুল বাসার ও মকবুল হোসেন গংয়ের বিরুদ্ধে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম গণমাধ্যমকে জানান, ‘পাঁচ বছর আগে পৈতৃক সূত্রে প্রাপ্ত ১৮ শতাংশ জমিতে পুকুর খনন করে তার চারপাশে আম, জাম, কাঁঠাল, নারিকেলসহ বিভিন্ন ফলদ ও বনজ জাতের চারা রোপণ করি। চলতি মৌসুমে আমগাছগুলোতে প্রচুর মুকুল এসেছিল। কিন্তু শনিবার সকালে দেখি আমার সব শেষ।’
জমিসংক্রান্ত শত্রুতার জেরে অভিযোগ দায়েরকৃত ব্যক্তিরা রাতের আঁধারে গাছগুলো কেটে ফেলেছে বলে দাবি করেন তিনি। এতে প্রায় ৫ লাখের বেশি টাকা ক্ষতি হয়েছে দাবি করে কান্নায় ভেঙে পড়েন নুরুল ইসলাম।
তবে এ অভিযোগ অস্বীকার করে বাচ্চু মিয়া জানান, ‘এটা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এ ঘটনার সঙ্গে আমাদের কেউ জড়িত নই।
এ ব্যাপারে কচুয়া থানার এএসআই মো. জুয়েল আলম বলেন, ‘খবর পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বাদীর অভিযোগ আমলে নিয়ে থানায় মামলা রুজুর প্রস্তুতি চলছে।’
















