ইসলাম টাইমস ডেস্ক : হেফাজতে ইসলামের মহাসচিব ও জামিয়া দারুল উলুম মঈনুল ইসলাম, হাটহাজারীর সহকারী পরিচালক আল্লামা জুনায়েদ বাবুনগরী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। চিকিৎসকরা বলছেন, উন্নত চিকিৎসার জন্য দ্রুততম সময়ে তার দেশের বাইরে যাওয়া প্রয়োজন। কিন্তু আইন-শৃংখলা বাহিনী তার পাসপোর্ট জমা রাখায় তার পক্ষে দেশের বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না।
এমতাবস্থায় আল্লামা বাবুনগরীকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ নানাভাবে উদ্বেগ প্রকাশ করছেন দেশের সাধারণ মানুষ ও উলামায়ে কেরাম। তারই ধারাবাহিকতায় আল্লামা জুনায়েদ বাবুনগরীর সুচিকিৎসা নিশ্চিত করতে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে আজ ২৮ জানুয়ারি একটি খোলা চিঠি লিখেছেন চট্টগ্রামের আল-আমিন সংস্থার যুগ্ম সম্পাদক ইবরাহিম খলিল সিকদার।
তার চিঠিটিতে বলা হয়, আল্লামা জুনাইদ বাবুনগরী দীর্ঘদিন যাবত নানান জটিল রোগে ভুগছেন। কিডনী, ডায়াবেটিস, লিভার ও ক্ষত রোগে আক্রান্ত হয়ে তিনি বর্তমানে ঢাকার খিলগাঁওয়ের খিদমাহ হসপিটালে ভর্তি আছেন। চিকিৎসকরা জানান, আল্লামা বাবুনগরী কয়েক ধরনের শারীরিক সমস্যায় আক্রান্ত। তিনি কিডনি, হার্ট, লিভার, প্রেসার ও বহুমূত্র রোগে আক্রান্ত –যা ধীরে ধীরে জটিল আকার ধারন করছে। তাই দ্রুততম সময়ে উন্নত চিকিৎসার প্রয়োজন এবং তার যথাযথ চিকিৎসা বাংলাদেশে সম্ভব নয়। এর জন্য বিদেশের কোনো উন্নত হাসপাতালে নেওয়া প্রয়োজন।
ওই চিঠিতে মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে আরো বলা হয়, ‘আপনি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সুযোগ্য উত্তরসূরী। আপনার পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান উলামায়ে কেরামে প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। ধর্মীয় কাজে তিনি তাদের সহযোগিতা করতেন। প্রধানমন্ত্রী হিসেবে আপনি দেশের অভিভাবক। এদেশের বহু গুণীজনের চিকিৎসার দায়িত্ব আপনি নিজে গ্রহণ করেছেন। তাদেরকে সাহায্য ও সহযোগিতা করেছেন। আল্লামা বাবুনগরীর সুচিকিৎসা নিশ্চিত করতে আমরা আপনার সুদৃষ্টি কামনা করছি। আপনার সহযোগিতায় একজন বরেণ্য আলেম ও হাজারো আলেমের শিক্ষক হয়তো সুচিকিৎসা লাভে সক্ষম হবেন বলে আমরা আশা করছি এবং এ দেশের মানুষ আপনার এই মহানুভবতার কথা চিরদিন স্মরণ রাখবে।’
















