ইসলাম টাইমস ডেস্ক: এবার তরুণীর লাশ উদ্ধার হলো রাজধানীর ফকিরাপুলের একটি গলি থেকে। লাশটি উদ্ধার করেছে মতিঝিল থানা পুলিশ। জানা গেছে, নিহত তরুণীর নাম অপরা আক্তার লুসি (২৪)।
সোমবার বিকালে ফকিরাপুলের এক নম্বর গলিতে তার লাশ পড়েছিল।
মতিঝিল জোনের এডিসি শিবলী নোমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত বৃহস্পতিবার থেকে ওই তরুণী নিখোঁজ ছিল। ধারণা করা হচ্ছে, ভবনের ওপর থেকে ফেলে তাকে হত্যা করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ফকিরাপুলের এক নম্বর গলিতে ঢোকার মুখে আটতলা ও পাঁচতলা ভবন রয়েছে। এই দুটি ভবনের মধ্যে ফাঁকা জায়গায় সোমবার বিকেলে এক তরুণীর লাশ দেখতে পায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা আরও জানায়, ওই তরুণী পাশের সড়কে এক বাসায় থাকতেন। গত দুদিন ধরে তিনি নিখোঁজ ছিলেন বলে এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে। প্রাথমিকভাবে নিহত ওই তরুণী সম্পর্কে বিস্তারিত জানা যায়নি।
















