হাজীগঞ্জে কথা কাটাকাটি নিয়ে বৃদ্ধকে পিটিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুর হাজীগঞ্জের পৌর এলাকার টোরাগড় গ্রামে কথা কাটাকাটি নিয়ে এক বৃদ্ধকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।

সোমবার (২৮ জানুয়ারি) সকালে এ ঘটনা ঘটে।

নিহতের মেয়ের জামাই ফারুক হোসেন জানান, আমার শশুর আবুল কালাম মিয়াজীর বিল্ডিংয়ের কাজ চলমান । বিল্ডিংয়ের কাজ করার সময় একই বাড়ীর মোস্তফা মিয়াজীর জায়গায় বিল্ডিংয়ের কিছু বালু পড়ে। এতে তার ছেলে রাকিব মিয়াজী (২০) ক্ষিপ্ত হয়ে আমার শশুরের সাথে বাক-বিতন্ডায় জড়িয়ে পড়ে।

এক পর্যায়ে সে আমার শশুরের জামার কলারে ধরে মারধর শুরু করে। তার সাথে রাকিবের চাচা দুলাল’সহ কয়েকজন মিলিত হয়ে তাকে মারধর করে। আমি এগিয়ে গেলে আমাকেও মারধর করে। আমাদের চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এসে তাদের হাত থেকে উদ্ধার করে আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে আনার পর জানতে পারি আমার শশুর মারা গেছে।

আলীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত ডাক্তার মো. আজাদুল হক জানান, হাসপাতালে আনার পূর্বেই আবুল কালাম মিয়াজী মৃত্যুবরণ করেছেন। আমরা হাসপাতাল থেকে পুলিশকে ফোন করেছি।

নিহতের বড় মেয়ে সিমা বেগম সাংবাদিকদের জানান, তারা আমার বাবাকে নির্মমভাবে পিটিয়ে হত্যা করেছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

নিহতের ছেলে জনতা ব্যাংক হাজীগঞ্জ শাখায় কর্মরত ফয়সাল আহমেদ সাংবাদিকের সাথে কথা বলার সময় বারে বারে মূর্ছা যাচ্ছিলেন।

ঘটনাস্থলে হাজীগঞ্জ থানার এসআই সুমন জানান, লাশের সুরতহাল তৈরী করা হচ্ছে। চাঁদপুর সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হবে। থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, আমি ও এএসপি সার্কেল (হাজীগঞ্জ) ঘটনাস্থলে আছি। পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

পূর্ববর্তি সংবাদযৌতুকের মামলায় পুলিশ কর্মকর্তার ৪ বছরের কারাদণ্ড
পরবর্তি সংবাদনেপালে ইউএস বাংলার বিমান বিধ্বস্তের দায় ক্যাপ্টেনের ওপর চাপানোর চেষ্টা