শপথ নেবেন ঐক্যফ্রন্টের প্রার্থীদ্বয়

ইসলাম টাইমস ডেস্ক : একাদশ জাতীয় সংসদে গণফোরাম সমর্থিত ঐক্যফ্রন্টের দুই বিজয়ী প্রার্থী সুলতান মোহাম্মদ মনসুর (মৌলভীবাজার-২) ও মোকাব্বির খান (সিলেট-২) শপথ নেবেন। ঐক্যফ্রন্টের প্রার্থী ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘বেশ কিছুদিন ধরে আমি অসুস্থ হয়ে বিশ্রামে আছি। এই সময়ে আমার নির্বাচনী এলাকাসহ সারাদেশের অনেক নেতাকর্মী এবং সাধারণ মানুষের সঙ্গে কথা হয়েছে। আমি একজন মানুষও পাইনি যে, শপথের বিপক্ষে। যেহেতু জনগণের জন্য রাজনীতি করি সেহেতু জনগণের মতকে মূল্য দিতে হবে।’

তিনি আরো বলেন, ‘আমার নির্বাচনী এলাকার মানুষের যেমন আমার প্রতি চাওয়া রয়েছে, তেমনি আমারও দায়বদ্ধতা রয়েছে তাদের প্রতি।’ গণফোরামের আরেক নির্বাচিত প্রতিনিধি মোকাব্বির খান শপথ নেবেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘শপথের ব্যাপারে ড. কামাল হোসেন সবসময় ইতিবাচক। আমরা দু’জনই শপথ নেব।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গণফোরামের নির্বাচিত দুই প্রতিনিধির মধ্যে সুলতান মনসুর মৌলভবাজার-২ আসন থেকে ধানের শীষ প্রতীকে নির্বাচন করে জয়লাভ করেন। অপরদিকে সিলেট-২ আসন থেকে ধানের শীষের প্রার্থী নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসীনা রুশদীর লুনার প্রার্থিতা হাইকোর্ট বাতিল করলে গণফোরামের প্রার্থী মোকাব্বির খানকে উদীয়মান সূর্য প্রতীকে সমর্থন দেয় বিএনপি।

পূর্ববর্তি সংবাদনরওয়ের সবচেয়ে জনপ্রিয় নাম মুহাম্মদ
পরবর্তি সংবাদনিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ট্রাক, নিহত ২