কাল বেফাকের বৈঠক : ইজতেমায় ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ বিষয়ে আসতে পারে নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক : আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক প্রস্তুতি সামনে রেখে আগামীকাল বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের বৈঠক। আগামীকাল সকাল ৭টা ও ১০টা দুটি বৈঠক হওয়ার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, আগামীকালের বৈঠকে উলামায়ে কেরাম, মাদরাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

তাবলিগি সাথী মুফতি কেফায়াতুল্লাহ আযহারী ইসলাম টাইমসকে এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, আসন্ন ইজতেমার প্রস্তুতিসহ সার্বিক বিষয় সামনে রেখে আগামীকাল বেফাকে দুটি বৈঠক আহবান করা হয়েছে। সকাল ৭টায় কাকরাইলের মুরব্বিদের সঙ্গে বেফাকের মুরব্বিদের বৈঠক এবং তারপর ১০টায় বেফাকের মজলিসে খাসের বৈঠক হওয়ার কথা রয়েছে।

এই বিষয়ে যোগাযোগ করলে বেফাকের সহ-সভাপতি ও সিলেটের জামিয়া গহরপুরের প্রিন্সিপাল হাফেজ মাওলানা মুসলেহুদ্দীন রাজু বলেন, ‘মজলিসে খাসের বৈঠকটি আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ। তবে সামনে ইজতেমা থাকায় সে বিষয়েও আলোচনা হতে পারে। ইজতেমা সংক্রান্ত বৈঠকে তাবলিগ বিষয়ে গঠিত কমিটির সদস্যগণ ও মজলিসে খাসের যারা ইচ্ছুক শুধু তারাই অংশগ্রহণ করবেন।’

ইজতেমার প্রস্তুতি বিষয়ে জানতে চাইলে মুফতি কেফায়াতুল্লাহ আযহারী বলেন, ‘গাজীপুর জেলা প্রশাসনের কর্মকর্তা, আইন-শৃংখলা বাহিনী ও সরকারের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে তাবলিগি মুরব্বিদের বৈঠক হয়। সেখানে তারা জানিয়েছেন আগামী দুয়েক দিনের মধ্যে ইজতেমার মাঠের কাজ শুরু করার বিষয়ে সকলে একমত হয়েছেন। সুতরাং আশা করা যাচ্ছে, আনুষ্ঠানিকভাবে আগামীকাল বা তার পরের দিন ইজতেমার মাঠের কাজ শুরু হবে।’

উল্লেখ্য, ইজতেমার প্রস্তুতি ও অন্যান্য বিষয়ে আজ ধর্ম মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা ছিলো। কিন্তু সাদপন্থীদের নেতা মাওলানা আশরাফ আলীসহ কয়েকজন হঠাৎ নিজামুদ্দিন চলে যাওয়ায় তা স্থগিত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদসংসদে প্রমাণ হবে জাতীয় পার্টি দেশের স্বার্থে আপস করে না: রাঙ্গা
পরবর্তি সংবাদঝিনাইদহে নারীসহ ছবি তুলে ব্ল্যাকমেল, দুই পুলিশ বরখাস্ত