ইসলাম টাইমস ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য প্রিন্সিপাল সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল-মাদানী বলেছেন, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ ও প্রশাসনের যোগশাজসে ৩০ ডিসেম্বর যে প্রহসন ও কলঙ্কের নির্বাচন করেছে তাতে দেশের ভবিষ্যত নিয়ে জনগণ আতঙ্কিত।
বিকাল ৪টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রশ্নবিদ্ধ সংসদ নির্বাচনের অধিবেশনে বসার প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আয়োজিত প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
প্রিন্সিপাল মাদানী বলেন, দেশের হাজার হাজার কোটি টাকা ব্যয় করে ভোট ডাকাতি ও অবৈধভাবে রাতের অন্ধকারে ব্যালট বাক্স ভরে যাদেরকে সংসদ সদস্য ঘোষণা করা হয়েছে তাদের বিবেকে পচন ধরেছে। তাদেরকে নিয়ে সংসদের অধিবেশনের সাংবিধানিক কোন অধিকার নেই।
তিনি আরও বলেন, সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য মানবাধিকার কমিশন, দুর্নীতি দমন কমিশন এবং নির্বাচন কমিশনকে বিতর্কিত করাসহ নির্বাচনে প্রশাসনের অপকর্ম সকল রেকর্ড ভঙ্গ করেছে। টিআইবি’র রিপোর্টে নির্বাচনে ভোট ডাকাতি ও জালিয়াতি ফুটে উঠেছে। সরকার তা প্রমাণে ব্যর্থ হয়েছে। দুর্নীতি তাই নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচন দিয়ে জনগণকে আস্থায় আনতে হবে।
নগর উত্তর সভাপতি প্রিন্সিপাল মাওলানা শেখ ফজলে বারী মাসউদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিশেষ অতিথি ছিলেন যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন। প্রধান বক্তা ছিলেন নগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলম।
প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, আলহাজ্ব আলতাফ হোসেন, মাওলানা এবিএম জাকারিয়া, মাওলানা আরিফুল ইসলাম, মুফতী মাছউদুর রহমান, মুফতী ফরিদুল ইসলাম প্রমুখ।
















