ইসলাম টাইমস ডেস্ক : ধর্মীয় ও সাম্প্রদায়িক চেতনায় আঘাত করতে পারে -এমন বই প্রকাশকরা অমর একুশে গ্রন্থমেলায় আনতে পারবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া।
তিনি বলেছেন, নতুন বই মেলায় এলে বাংলা একাডেমি তা যাচাই-বাছাই করবে। এ ছাড়া পুলিশও নজরদারি করবে। এ ধরনের বই পাওয়া গেলে বিক্রেতার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বৃহস্পতিবার বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
কমিশনার জানান, অমর একুশে গ্রন্থমেলা উপলক্ষে বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও নজরদারি রাখা হচ্ছে। মেলার প্রতিটি ইঞ্চি সিসিটিভির মাধ্যমে মনিটর করা হবে।
তিনি বলেন, মেলায় পকেটমার, ছিনতাইকারী রোধে আইন-শৃঙ্খলা বাহিনী ও সাদা পোশাকের সদস্যরা কাজ করবেন। মেলা প্রাঙ্গণে থাকবে পুলিশের ওয়াচ টাওয়ার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা। যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত থাকবে পুলিশের বিশেষায়িত বাহিনী সোয়াট ও বম্ব ডিসপোজাল ইউনিট।
শুক্রবার র্যাবের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করতে আসেন র্যাব-৩-এর অধিনায়ক লে. কর্নেল এমরানুল হাসান। নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে কঠোর নজরদারি রাখা হয়েছে। গোয়েন্দা নজরদারিও রয়েছে। সর্বোচ্চ নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।
















