নদী দখলকারীদের নির্বাচনের অযোগ্য ঘোষণা করলো হাইকোর্ট

ইসলাম টাইমস ডেস্ক : দেশের নদ-নদী দখলকারীদের সব ধরনের নির্বাচনের অযোগ্য ঘোষণা করেছেন হাইকোর্ট। কোনো ব্যক্তির বিরুদ্ধে নদ-নদী দখলের অভিযোগ থাকলে তিনি কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। এ বিষয়ে নির্বাচন কমিশনকে ব্যবস্থা নিতেও নির্দেশ দিয়েছেন আদালত।

একই সঙ্গে নদী দখলকারীকে ব্যাংক ঋণেরও অযোগ্য ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

তুরাগ নদকে জীবন্ত সত্তা (লিগ্যাল পারসন) ঘোষণা করে হাইকোর্টের এক রায়ে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। রায়ে প্রতিরোধমূলক ব্যবস্থাসহ কয়েক দফা নির্দেশনা দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. আশরাফুল কামালের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ রোববার নির্দেশনা ও প্রতিরোধমূলক ব্যবস্থাসহ সিদ্ধান্ত জানিয়ে রায় ঘোষণা শেষ করেন।

তুরাগ নদ রক্ষায় এক রিটের চূড়ান্ত শুনানি শেষে গত বুধবার রায় ঘোষণা শুরু করেন আদালত। পরদিন জাতীয় নদী রক্ষা কমিশনের সীমাবদ্ধতা নিয়ে আইনজীবীর বক্তব্য উপস্থাপন ও পর্যালোচনার জন্য সময় দিয়ে রোববার অসমাপ্ত রায় ঘোষণার দিন রাখা হয়।

তুরাগ নদকে জীবন্ত সত্তা ঘোষণা করে জাতীয় নদী রক্ষা কমিশনকে দেশের সব নদ-নদী-খালের আইনগত অভিভাবক ঘোষণা করছেন হাইকোর্ট। দেশের সব নদ-নদী-খাল-জলাশয় ও সমুদ্র সৈকতের সুরক্ষা এবং তার বহুমুখী উন্নয়নে জাতীয় নদী রক্ষা কমিশন বাধ্য থাকবে বলেও রায়ে উল্লেখ করেছেন আদালত।

পূর্ববর্তি সংবাদক্যাম্পাসে আধিপত্য বিস্তার নিয়ে জবি ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ
পরবর্তি সংবাদসরকারি চাকরির চেয়ে নিজের দাড়ি-টুপিকে অগ্রাধিকার দিলেন মানজার হোসেন