নিম্নমানের পানি বাজারজাতকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা : শিল্পমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: লাইসেন্সবিহীন এবং নিম্নমানের পানি বাজারজাতকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

সোমবার শিল্প মন্ত্রণালয়ে পিওর ড্রিংকিং ওয়াটার ম্যানুফ্যাকচারিং এর সমন্বয় কমিটির নেতাদের সাথে এক বৈঠকে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, জনগণের জন্য নিরাপদ ও সুপেয় পানির নিশ্চয়তা বিধান সরকারের দায়িত্ব। এ দায়িত্ব পালনে সরকার প্রয়োজনে আরো কঠোর পদক্ষেপ নেবে।

তিনি পানি ব্যবসায়ীদেরকে মুনাফা অর্জনের পাশাপাশি নৈতিকতার বিষয়টিও স্মরণ করিয়ে দেন। ক্রেতা সাধারণের জন্য নিরাপদ পানিসহ ভেজালমুক্ত খাদ্য ও ভোগ্য পণ্যের যোগান নিশ্চিত করতে সরকার ইতোমধ্যে বিএসটিআই এবং বিএবি’র কার্যক্রম জোরদার করেছে বলে তিনি উল্লেখ করেন।

বৈঠকে সংগঠনের আহ্বায়ক মো. নেয়ামুল হক রিপন, সদস্য সচিব মো. মজিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও হুমায়ুন কবির, সমন্বয়ক মাফুজুর রহমান, সদস্য ফামেতা বেগম প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদরাঙ্গামাটিতে দুইজনকে গুলি করে হত্যা
পরবর্তি সংবাদবরগুনায় কলেজে ঢুকে ছাত্রীর শ্লীলতাহানি