আমিরাতে পোপ, দুই নেতার চুম্বনে ‘বিশ্বশান্তি’র বার্তা!

ইসলাম টাইমস ডেস্ক: আরব আমিরাতের আবু ধাবিতে গেছেন পোপ ফ্রান্সিস। গেছেন মিসরের আলআজহারের প্রধান ইমাম শেখ আহমদ আলতায়াব।

সেখানে পরস্পরকে চুম্বন করে ‘বিশ্বশান্তির বার্তা’ দিলেন পোপ ফ্রান্সিস ও মিসরের প্রধান ইমাম আল-আজহার শেখ আহমেদ আল তায়াব। বিশ্বশান্তি ও মানবতার ঐক্যের আশায় একটি বিবৃতিতে স্বাক্ষরও করেছেন তারা। তাদের চুম্বনের ছবি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

পোপ ও মিসরের গ্র্যান্ড ইমামের যৌথ বিবৃতির নাম দেওয়া হয়েছে, ‘যুদ্ধ, নির্যাতন ও অবিচারের শিকার এবং যাঁরা বিশ্বের কোনও প্রান্তে অত্যাচারের শিকার তাদের জন্য’। সম্প্রীতির বার্তা দিয়ে সেই বিবৃতিতে লেখা হয়েছে, ‘আমরা ঘোষণা করছি, কোনও ধর্ম কখনওই যুদ্ধ, ঘৃণার মনোভাব, শত্রুতা ও চরমপন্থায় যাবে না। হিংসা ও রক্তপাত ঘটে এমন কোনও কাজও করবে না।’

মধ্যপ্রাচ্য ও আরব দুনিয়ার সব মুসলিমদের স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের সঙ্গে মিলেমিশে থাকতে বলেন মিসরের গ্র্যান্ড ইমাম। বলেন, তাদেরও সে দেশে থাকার পূর্ণ অধিকার ও দায়িত্ব রয়েছে।

পোপ ফ্রান্সিসও পূর্ণ ধর্মীয় স্বাধীনতার পক্ষে জোরলো বক্তব্য রাখেন। তিনি বলেন, শান্তির রাস্তা গড়ে তুলতে হলে সব ধর্মের মানুষকে একসঙ্গে চলতে হবে।

দুজনের বক্তব্যে মধ্যপ্রাচ্যে স্থানীয় খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের সঙ্গে মুসলিমদের মিলেমিশে চলতে বলা হলেও সেখানে খ্রিস্টান সম্প্রদায়-প্রধান বড় রাষ্ট্রগুলোর হস্তক্ষেপ ও হামলা বন্ধ নিয়ে কোনো বক্তব্যের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার ৪০ ঘণ্টার সফরে আবু ধাবি গিয়েছেন পোপ ফ্রান্সিস। বিরাট আয়োজনে তাকে অভ্যর্থনা জানান আরব আমিরাতের আমির শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ান।

সূত্র: রয়টার্স

পূর্ববর্তি সংবাদইসলামবিরোধী বই লিখতে গিয়ে মুসলিম হলেন ডাচ এমপি
পরবর্তি সংবাদজমি বর্গা দেওয়ার বিধান কী?