ইসলাম টা্ইমস ডেস্ক : ভারতের সাড়াজাগানো সারদা দুর্নীতির তদন্তকে কেন্দ্র করে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে গ্রেফতার করা যাবে না তবে রাজিব কুমারকে সিবিআই জিজ্ঞাসাবাদ করতে পারবে বলে মত দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট।
সিবিআই বনাম কলকাতা পুলিশ মামলার শুনানিতে মঙ্গলবার এই নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
সর্বোচ্চ আদালতের এ রায়কে গণতন্ত্রের বিজয় বলে অভিহিত করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ বলেন, সুপ্রিম কোর্ট স্পষ্টই বলে দিয়েছে, সিবিআই ডাকলে জেরায় আসতে হবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। সেটা কলকাতায় হবে না। হবে শিলংয়ে। কেউ কেউ এটাকে তাঁদের জয় বলছেন। আমরা আর কী বলতে পারি?
বছর ছয়েক আগে এমএলএম ব্যবসার ফাঁদে ফেলে সারদা গ্রুপ সাধারণ মানুষের ২০ হাজার কোটি রুপি হাতিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হয়। মমতার তৃণমূলের নেতাদের বিরুদ্ধেও অভিযোগের আঙুল ওঠে।
ওই কেলেঙ্কারি তদন্তের জন্য কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে প্রধান করে কমিটি করা হয়েছিল। কিন্তু তদন্তে যেসব তথ্যপ্রমাণ তিনি জব্দ করেছিলেন, সেগুলো সিবিআইর কাছে হস্তান্তর করেননি বলে অভিযোগ ওঠে।
বিজেপি নেতাদের অভিযোগ, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতাসহ তৃণমূল নেতাদের বাঁচাতেই তথ্যপ্রমাণ গায়েব করেছেন ওই কর্মকর্তা। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য কয়েক দফা নোটিশ দিয়েও রাজীবের সাড়া পায়নি সিবিআই।
















