ইসলাম টাইমস ডেস্ক: চট্টগ্রামে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা একটি মামলায় এক কাস্টমস কর্মকর্তা ও তার স্ত্রীকে কারাগারে পাঠিয়েছে আদালত। তারা হলেন কাস্টমসের সহকারি রাজস্ব কর্মকর্তা আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপি।
মঙ্গলবার সিনিয়র স্পেশাল জজ আকবর হোসেন মৃধার আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানান দুদকের পিপি মাহমুদুল ইসলাম।
তিনি বলেন, মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করে আমজাদ হাজারী ও হালিমা লিপি জামিনের আবেদন করলে, আদালত তা না মঞ্জুর করেন।
গত ৩ জানুয়ারি ৩ কোটি ২ লাখ ৩২ হাজার ৪৮১ টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ডবলমুরিং থানায় আমজাদ হোসেন হাজারী ও তার স্ত্রী হালিমা বেগম লিপির বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক শামসুল আলম। তবে গত ১৪ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে জামিনের আবেদন করলে আদালত তাদের নিম্ন আদালতে আত্মসমর্পণের নির্দেশ দেন বলে জানান তিনি।
















