ইসলাম টাইমস ডেস্ক : পঞ্চগড়ে মুসলিম নামধারী অমুসলিম সম্প্রদায় কাদিয়ানি জামাতের ‘জাতীয় ইজতেমা’ কেন্দ্র করে স্থানীয় সাধারণ মুসলমান ও উলামায়ে কেরামের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। কাদিয়ায়নিরা পঞ্চগড়ের ‘আহমদনগরে’ জাতীয় ইজতেমার ঘোষণা এবং তা সামনে রেখে ব্যাপক প্রস্তুতি শুরু করলে দ্বীনপ্রাণ মুসলমানের মধ্যে এই ক্ষোভ তৈরি। আগামী ২২ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এই ইজতেমা করার কথা রয়েছে।
স্থানীয় উলামায়ে কেরাম গতকাল সোমবার বেলা ১১টায় পঞ্চগড় প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে কথিত ইজতেমার প্রতিবাদ জানান। সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদ পঞ্চগড় উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা বিভ্রান্তি সৃষ্টিকারী কাদিয়ানিদের তৎপরতা বন্ধ করার আহবান জানান। কাদিয়ানি ইজতেমা বন্ধে প্রশাসন হস্তক্ষেপ না করলে সাধারণ মুসলমান ক্ষুব্ধ হতে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেন।
সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ পরিষদের আহ্বায়ক মুফতি আনম আব্দুল করিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সদস্য সচিব মোহাম্মদ আব্দুল্লাহ।
তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন এলাকা থেকে আহমদিয়া সম্প্রদায়ের লোকজন এনে কৌশলে জেলা শহরের আহমদনগর এলাকায় তাদের পুনর্বাসন করা হচ্ছে। তারা আগামী ২২-২৫ ফেব্রুয়ারি জাতীয় ইজতেমার আয়োজন করছে।
তারা আরও বলেন, তথাকথিত এই ইজতেমা সফল করতে তারা স্থানীয়দের মাঝে শীতের কম্বল বিতরণসহ নানা প্রলোভন দেখাচ্ছে। পূর্বে এমন অনুষ্ঠানকে জলসা বলা হলেও এবার তারা জাতীয় ইজতেমা নাম দিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।
উলামায়ে কেরাম কাদিয়ানি ইজতেমাসহ তাদের সব কার্যক্রম বন্ধের দাবিতে ৮ ফেব্রুয়ারি জুমার নামাজের পর বিক্ষোভ মিছিল এবং পাশাপাশি ২১ থেকে ২৫ ফেব্রুয়ারি একই এলাকার তেলীপাড়া ঈদগাহ মাঠে পাল্টা সমাবেশের ঘোষণা দেন।
















