পুকুরের মাছ চুরির অভিযোগে এসিল্যান্ডের বিরুদ্ধে মামলা

ইসলাম টাইমস ডেস্ক: রাজশাহীর দুর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সমর কুমার পালের বিরুদ্ধে পুকুর থেকে মাছ চুরির অভিযোগে আদালতে মামলা হয়েছে। মামলায় এসিল্যান্ড সমর কুমার ছাড়াও অজ্ঞাত ৩০-৩৫ জনকে আসামি করা হয়েছে।

দুর্গাপুর উপজেলার আড়ইল গ্রামের বাসিন্দা জাকির হোসেন এ মামলা করেছেন। আদালত মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

আদালতে দায়ের করা মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, বাদী জাকির হোসেনের বাবা আবু বকর সিদ্দিক উপজেলার আড়ইল মৌজার ৩৩৬৭ নম্বর দাগের ১ দশমিক ৬৭ একর ও ২৯৩৫ নম্বর দাগের ১ দশমিক ৪২ একরের দুটি সরকারি পুকুর লিজ নেন। ২০১১-১২ সালে তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এসিল্যান্ড পুকুর দুটি তাকে বুঝিয়ে দেন।

এরপর থেকে তারা পুকুরগুলোতে বিভিন্ন কার্পজাতীয় মাছ চাষ করে আসছেন। গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় দুর্গাপুরের এসিল্যান্ড সমর কুমার পাল ৩০-৪০ জন অজ্ঞাত ব্যক্তিদের নিয়ে বড় জাল দিয়ে প্রায় ৭০ থেকে ৮০ মণ মাছ ধরে দুটি নছিমনে করে নিয়ে চলে যান। এতে বাদী জাকির হোসেনের প্রায় ৪ থেকে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তাই তিনি মামলা দায়ের করেছেন। গত ৩১ জানুয়ারি রাজশাহীর আমলী আদালতে এ মামলা করা হয়।

বাদীর আইনজীবী নুরুন নাহার লাভলী বলেন, মামলায় ছয়জনকে সাক্ষী করা হয়েছে। আদালতের বিচারক মামলাটি গ্রহণ করে তদন্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে এসিল্যান্ড সমর কুমার পালের সঙ্গে কথা বলতে দুর্গাপুর উপজেলা ভূমি অফিসে যোগাযোগ করা হলে সেখানকার কর্মচারীরা জানান, গত শনিবার এসিল্যান্ড বদলি হয়ে গেছেন। তবে কোথায় বদলি হয়েছেন, তা তারা জানাতে পারেননি।

মঙ্গলবার দুপুরে সমর কুমার পালের মুঠোফোনটি বন্ধ থাকায় তার সঙ্গে কথা বলা যায় নি।

পূর্ববর্তি সংবাদমোবাইল ফোন : প্রয়োজনীয় মাসায়িল
পরবর্তি সংবাদচাঁদপুরে অজ্ঞাত রোগে আক্রান্ত শতাধিক শিক্ষার্থী