ইসলাম টাইমস ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন রোহিঙ্গা ইস্যুতে বিশ্ববাসীকে সতর্ক করে বলেছেন, ‘রোহিঙ্গা সমস্যা দীর্ঘায়িত হলে এ অঞ্চলে অনিশ্চয়তা ও অস্থিতিশীলতা দেখা দিতে পারে। এটি কেবল মিয়ানামার ও বাংলাদেশের নয়; বরং এ অঞ্চলের অন্যান্য দেশের জন্যও সমস্যার কারণ হতে পারে।’
মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) পররাষ্ট্রমন্ত্রীর দফতরে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর মিয়ানমার বিষয়ক বিশেষ দূত বব রে-এর সঙ্গে সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ‘রাখাইনে এখনও অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে। এখনও প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা বাংলাদেশে আসছে। তবে তাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবাসনের জন্য যা যা করা দরকার সব আমরা করবো।’
এসময় কানাডার প্রধানমন্ত্রীর বিশেষ দূত বব রে বলেন, ‘রাজনীতি একটি জটিল বিষয়। এটি একটি চ্যালেঞ্জ। সমস্যার সমাধানে আমাদের অনেক কিছু করতে হবে এবং কার্যকরী পদক্ষেপ নিতে হবে। আমরা বিশ্বাস করি নিরাপত্তা ও রাজনৈতিক অধিকারসহ রোহিঙ্গাদের প্রত্যাবাসন অবশ্যই জরুরি। আমি সম্প্রতি রোহিঙ্গাদের সঙ্গে দেখাও করেছি। আমি জানতে চেয়েছি তারা কী চায়। তারা সবাই বলেছে তারা ফিরতে চায়, তবে অবশ্যই নিরাপত্তা দিতে হবে।’
















