ইসলাম টাইমস ডেস্ক : খুলনায় ২৪ ঘণ্টায় জেলা ও মহানগর পুলিশের বিশেষ অভিযানে মাদকবিক্রেতাসহ ৯৬ জনকে আটক করা হয়েছে। সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান চলে।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, খুলনার নয়টি থানার বিভিন্নস্থানে ২৪ ঘণ্টার নিয়মিত অভিযানে নয় মাদকবিক্রেতাসহ মোট ৫৯ জন আসামিকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৩০ পিস ইয়াবা ও ২২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মোট আটটি মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে।
অন্যদিকে খুলনা মহানগর পুলিশ সূত্র জানায়, মহানগরের আট থানায় ২৪ ঘণ্টা অভিযান চালিয়ে ১৪ জন মাদকবিক্রেতাসহ মোট ৩৭ জনকে আটক করা হয়েছে। আটকদের কাছ থেকে ৪০ পিস ইয়াবা ও এক কেজি ৯১০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা গেছে।
















