ইসলাম টাইমস ডেস্ক: ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী স্ট্যাটাসে লাইক, কমেন্ট ও শেয়ার দেওয়া থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের গত সোমবার এ ধরনের একটি আদেশ দেয় প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।
এই আদেশে স্বাক্ষর করেন অধিদফতরের অতিরিক্ত সচিব সোহেল আহমেদ।
একই সঙ্গে সরকারে সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস শেয়ার করা থেকে বিরত থাকার কথা বলা হয়েছে।
আদেশের কপিতে বলা হয়েছে, সম্প্রতি ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা সম্পর্কে ‘নেতিবাচক স্ট্যাটাস/মন্তব্য ও বিভিন্ন অপপ্রচারমূলক তথ্য’ দেওয়া হচ্ছে, যা ২০১৬ সালের সরকারি প্রতিষ্ঠানে সামাজিক মাধ্যম ব্যবহার সংক্রান্ত নির্দেশিকার পরিপন্থী। এ ধরনের ‘স্ট্যাটাস বা মন্তব্য’ প্রাথমিক শিক্ষা তথা সরকারের সিদ্ধান্তের ব্যাপারে বিভ্রান্তি তৈরি করতে পারে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
নির্দেশনায় আরো বলা হয়েছে, ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রাথমিক শিক্ষা তথা সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো ধরনের অপপ্রচার ও বিভ্রান্তিমূলক স্ট্যাটাস/মন্তব্য ও শেয়ার করা থেকে বিরত থাকার জন্য শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীদের দৃষ্টি আকর্ষণ করা হচ্ছে। বিষয়টি তার অধিক্ষেত্রের সংশ্লিষ্ট সকলকে জানানোর জন্য বলা হচ্ছে।
















