ইসলাম টাইমস ডেস্ক: কারাগারের বন্দীরা যাতে মোবাইলের মাধ্যমে নতুন কোনো অপরাধে মদদ দিতে না পারে সেজন্য তাদের কথাকে রেকর্ড করা হবে, বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ একাদশ সংসদের অধিবেশনে দিদারুল আলমের (চট্টগ্রাম-৪) এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনার প্রেক্ষিতে কারাবন্দীদের আত্মীয়-স্বজনদের সাথে টেলিফোনে (মোবাইল) কথা বলার পাইলট প্রকল্প টাঙ্গাইল জেলার কারাগারে শুরু হয়েছে। টেলিফোনে কথা বলার এ কার্যক্রম অন্যান্য কারাগারের চালু করার জন্য দেশের সকল কারাগারে ‘প্রিজন লিংক স্থাপন’ শিরোনামে একটি প্রকল্প গ্রহণ করা হয়েছে। এ বিষয়ে একটি নীতিমালার ভিত্তিতে মনিটরিং করা হবে। বন্দীদের আত্মীয়-স্বজনদের সাথে মোবাইলফোনে কথোপকথন রেকর্ড করা হবে। সিনিয়র জেল সুপারের নেতৃত্বে ছয় সদস্যের একটি কমিটি সার্বিক বিষয়টি মনিটরিং করবে।
















