আবরার আবদুল্লাহ ।।
আসন্ন ইজতেমা সফল করতে বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাক দেশের কওমি মাদরাসা ও মসজিদের ইমাম-খতিবদের উদ্দেশে গুরুত্বপূর্ণ ৫টি নির্দেশনা দিয়েছে। গতকাল রাতে অনুষ্ঠিত বেফাকের এক জরুরি বৈঠক থেকে এই নির্দেশনা দেওয়া হয়।
বৈঠকে অংশগ্রহণকারী মুফতি কেফায়াতুল্লাহ আযহারী ইসলাম টাইমসকে এসব তথ্য নিশ্চিত করেন।
গতকাল বৃহস্পতিবার রাত ৯টায় এই বৈঠক শুরু হয়ে রাত ১২টায় শেষ হয়।
বৈঠক থেকে দেওয়া নির্দেশনাসমূহ হলো, ক. ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইজতেমার সঙ্গে বেফাক তথা উলামায়ে কেরাম একমত পোষণা করেন।
খ. ইজতেমা সফল করতে প্রতিবারের মতো এবারও মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলমান ইজতেমার প্রস্তুতির কাজে সুযোগ মতো অংশগ্রহণ করবেন।
গ. ইজতেমা সফল করতে ইমামরা নিজ নিজ অবস্থানে থেকে চেষ্টা করবেন। মসজিদের আলোচনায় তারা ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর থেকে বয়ান শুরু হওয়ার এবং ১৬ ফেব্রুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হওয়ার বিষয়টি মুসল্লিদেরকে জানাবেন।
ঘ. আগামী রোববার বেফাকের আমেলার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমেলার সদস্যরা ছাড়াও ঢাকা ও তার আশেপাশের সব মাদরাসার মোহতামিমরা অংশগ্রহণ করবেন।
ঙ. ইজতেমার সাফল্যের জন্য সর্বস্তরের মুসলমান আল্লাহর দরবারে বেশি দোয়া ও সালাতুল হাজাতের আমল করবেন।
বেফাক মহাসচিব মাওলানা আবদুল কুদ্দুসের সভাপতিত্বে বৈঠকে আরও উপস্থিত ছিলেন মাওলানা মাহফুজুল হক ও মুফতি নুরুল আমিন। এছাড়াও ঢাকা বিভিন্ন মাদরাসার দায়িত্বশীল ও মসজিদে ইমাম-খতিবসহ শতাধিক আলেম এই বৈঠকে অংশগ্রহণ করেন।
মাওলানা আবদুল কুদ্দুসের দোয়ার মাধ্যমে বৈঠকের কার্যক্রম শেষ হয়।
















