ইসলাম টাইমস ডেস্ক : প্রচণ্ড শীত থেকে বাঁচতে ছিন্নমূল মানুষের জন্য দরজা খুলে দিয়েছে ব্রিটেনের বার্মিংহামের গ্রিনলেন মসজিদ। মসজিদ কর্তৃপক্ষ গৃহহীনদের জন্য থাকা ও খাওয়ার ব্যবস্থা করছে।
বার্মিংহামের গ্রিনলেন মসজিদ ও কমিউনিটি সেন্টারের ম্যানেজার কারমান হুসাইন বলেন, আপনি সিটি সেন্টারের চারপাশে ঘুরলে দেখতে পাবেন প্রচণ্ড শীতের মধ্যেও ছিন্নমূল মানুষ বিভিন্ন বাড়ির দরজার সামনে মেঝেতে শুয়ে আছে। বার্মিংহামে শীতের প্রচণ্ডতায় গৃহহীন মানুষের মৃত্যুবরণের ঘটনা ঘটেছে। আমরা তাদের সাহায্য করতে চাই।
দুই সপ্তাহ আগে বার্মিংহামের তাপমাত্র শূন্য ডিগ্রির নিচে নেমে যাওয়ার পর মসজিদটি গৃহহীন মানুষকে রক্ষা করতে এই উদ্যোগ গ্রহণ করে। মসজিদের সমাজকল্যাণ বিষয়ক প্রধান হুমায়ুন সালিম প্রকল্পটির মূল উদ্যোক্তা।
উদ্যোগ শুরু হওয়ার পর প্রতিদিন আশ্রয়প্রার্থীদের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন তিনি। তিনি বলেন, প্রথম দিন ৪ জন আশ্রয় নেন। তৃতীয় দিনের মাথায় তা ১২তে উন্নীত হয়।

আশ্রয়প্রার্থীদের জন্য মসজিদ কর্তৃপক্ষ খাবার, পানীয়, স্ন্যাকস ও চায়ের ব্যবস্থা করেন। এই আয়োজন তারা স্থানীয় রেস্টুরেন্টগুলোর সহযোগিতায় করছেন বলে জানান সালিম।
তবে শুধু মসজিদে আশ্রয় গ্রহণকারীদের জন্য নয়; বরং যে কোনো ক্ষুদার্থ মানুষ তাদের থেকে খাবার নিতে পারেন।
হুমায়ুন সালিম জানান, প্রথমদিন কয়েক মিনিটে ৫০ প্যাকেট খাবার বিতরণ করি। খাদ্য বিতরণে আমরা কারো প্রতিই বৈষম্য করি না। মুসলিম ও অমুসলিম সবাই খাবার গ্রহণ করতে পারেন।
উল্লেখ্য, শীতে ছিন্নমূল মানুষকে মসজিদে আশ্রয় দেওয়ার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও ব্রিটেনের একাধিক মসজিদ ছিন্নমূলদের আশ্রয় ও তাদের মধ্যে খাবার বিতরণ করেছে। যেমন, এভেনহাম জামে মসজিদ, উকিম মদিনা মসজিদ ইত্যাদি।
সূত্র : বার্মিংহাম মেইল
















