ইসলাম টাইমস ডেস্ক : আসন্ন ইজতেমা সামনে রেখে আগামীকাল বাংলাদেশে কওমি মাদরাসা শিক্ষাবোর্ড বেফাকের মজলিসে শুরা ও আমেলার জরুরি বৈঠক আহবান করা হয়েছে। বৈঠকে ইজতেমায় মাদরাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণসহ তা সফল করতে উলামায়ে কেরামের করণীয় বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে।
কালকের বৈঠকে ইজতেমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিতে পারেন মুরব্বি আলেমরা।
বেফাকের সহকারী মহাসচিব মুফতি নুরুল আমিন ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেন।
বেফাকের যাত্রাবাড়ীর কাজলা অফিসে সকাল ১০টায় বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। বেফাকের সিনিয়র সহ-সভাপতি আল্লামা আশরাফ আলী বৈঠকের সভাপতিত্ব করবেন।
বৈঠকে বেফাকের আমেলা সদস্যরা ছাড়াও ঢাকা ও ঢাকার পার্শ্ববর্তী মাদরাসার প্রিন্সিপালরাও যোগদান করবেন।
বেফাকের একাধিক সূত্র ইসলাম টাইমসকে বলেন, মূলত ইজতেমায় উলামায়ে কেরামের অংশগ্রহণ, ইজতেমার কাজে মাদরাসার ছাত্র-শিক্ষকদের অংশগ্রহণ এবং ইজতেমা সফল করতে সবাই নিজ নিজ অবস্থান থেকে কীভাবে ভূমিকা রাখতে পারে সে বিষয়ে আলোচনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
তারা আরও বলেন, যেহেতু ইজতেমার পূর্বে এটাই বেফাক আমেলার শেষ বৈঠক তাই ইজতেমা বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবেন মুরব্বিরা।
উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে একই ইস্যুতে বেফাকের আরেকটি জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে থেকে তাবলিগ বিষয়ে ৫টি বিশেষ নির্দেশনা দেওয়া হয়। তাহলো, ক. ১৪-১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ইজতেমার সঙ্গে বেফাক তথা উলামায়ে কেরাম একমত পোষণা করেন।
খ. ইজতেমা সফল করতে প্রতিবারের মতো এবারও মাদরাসার ছাত্র-শিক্ষক ও সাধারণ মুসলমান ইজতেমার প্রস্তুতির কাজে সুযোগ মতো অংশগ্রহণ করবেন।
গ. ইজতেমা সফল করতে ইমামরা নিজ নিজ অবস্থানে থেকে চেষ্টা করবেন। মসজিদের আলোচনায় তারা ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বাদ ফজর থেকে বয়ান শুরু হওয়ার এবং ১৬ ফেব্রুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হওয়ার বিষয়টি মুসল্লিদেরকে জানাবেন।
ঘ. আগামী রোববার বেফাকের আমেলার বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে আমেলার সদস্যরা ছাড়াও ঢাকা ও তার আশেপাশের সব মাদরাসার মোহতামিমরা অংশগ্রহণ করবেন।
ঙ. ইজতেমার সাফল্যের জন্য সর্বস্তরের মুসলমান আল্লাহর দরবারে বেশি দোয়া ও সালাতুল হাজাতের আমল করবেন।
















