জড়ো হয়েছে, সমাবেশ করতে পারেনি নারায়ণগঞ্জ বিএনপি

ইসলাম টাইমস ডেস্ক:  নারায়ণগঞ্জে বিএনপির সমাবেশ হতে পারেনি। পুলিশি বাধার মুখে সমাবেশ পণ্ড হয়ে গেছে। দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নারায়ণগঞ্জে মহানগর বিএনপি এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছিল।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় নগরের চাষাড়া বালুর মাঠ এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধার মুখে দাঁড়াতে না পেরে স্থান ত্যাগ করেন মহানগর বিএনপির নেতা-কর্মীরা।

মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল সাংবাদিকদের বলেন, ‘আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে এসেছি। এটি আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু পুলিশ এসে আমাদের নেতা-কর্মীদের বাধা দিয়ে সরিয়ে দেয়। পুলিশের এমন ব্যবহার আমরা আশা করি না।’

এ টি এম কামাল আরও বলেন, ‘আমরা পুলিশের বাধায় মুখে পড়ে কর্মসূচি পালন করতে পারিনি। বিএনপি অলিগলির দল না। রাজপথে শান্তিপূর্ণ কর্মসূচির মধ্য দিয়েই আমরা দেশনেত্রী খালেদা জিয়াকে মুক্ত করে আনব।’

মহানগর বিএনপির সহসভাপতি জাকির হোসেনের নেতৃত্বে সমাবেশস্থলে আরো জড়ো হয়েছিলেন মহানগর বিএনপির সহসভাপতি ফখরুল ইসলাম মজনু, সাংগঠনিক সম্পাদক আবদুস সবুর খান, সাংগঠনিক সম্পাদক আবু আল ইউসুফ খান, মহানগর বিএনপির নেতা রফিক আহমেদ, রিয়াজুল ইসলাম আজাদ প্রমুখ।

পূর্ববর্তি সংবাদউপজেলা নির্বাচনে প্রথম ধাপে আ’লীগের ৮৭ প্রার্থীর নাম ঘোষণা
পরবর্তি সংবাদ‘রাস্তায় নামেন, রাস্তায় বসে মোনাজাত ধরেন’: বিএনপিকে ডা. জাফরুল্লাহ চৌধুরী