ইসলাম টাইমস ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী দলের চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি দাবি জানিয়ে বলেছেন, ‘প্রধানমন্ত্রীকে বলবো, দেয়ালের ভাষা পড়ুন। চারদিকের মানুষ চোখে-মুখে কী বলছে বোঝার চেষ্টা করুন। পৃথিবীটা ক্ষণিকের, কিন্তু কর্মফল অনন্তকালের। এখনও সময় আছে। এক বছরে বহু নির্যাতন বহু কষ্ট দিয়েছেন বেগম জিয়াকে, চিকিৎসার সুযোগটুকুও দেননি। এবার তাকে মুক্তি দিন।’
আজ রোববার (১০ ফেব্রুয়ারি) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘গত বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) তাকে আদালত নামের কারাগারের আলো-বাতাসহীন ছোট্ট একটি রুমে এনে এক ঘণ্টা বসিয়ে রাখা হয়। তার অসুস্থতা দিনে দিনে বাড়লেও চিকিৎসা দেওয়া হচ্ছে না।’
রিজভী বলেন, ‘৭৩ বছর বয়সী এই নেত্রী প্রচণ্ড অসুস্থ শরীরে একা চলতে পারেন না। আদালতে বা হাসপাতালে আনতে গেলে হুইল চেয়ারই ভরসা। তারপরও টেনেহিঁচড়ে জবরদস্তি করে আনা হচ্ছে শেখ হাসিনার নির্দেশিত ক্যাঙ্গারু কোর্টে।’
রিজভী বলেন, ‘আমি প্রধানমন্ত্রীর উদ্দেশে বলতে চাই, দুই কোটি টাকার সাজানো মিথ্যা মামলা, যার সঙ্গে খালেদা জিয়ার বিন্দুমাত্র সংশ্লিষ্টতা নেই। তাকে জেলখানা নামের ইঁদুর-তেলাপোকা ও পোকামাকড়ে উপদ্রুত স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে আর আটকে রাখবেন না। ওই দুই কোটি টাকা তো সরকারের ছিল না, ছিল ব্যক্তিগত ট্রাস্টের। সেই দুই কোটি টাকা ব্যাংকে জমা আছে। তা এখন তিনগুণ বেড়েছে।’
















