প্রতিবেশী দেশ ভারত সম্পর্কে কমবেশি কৌতূহল আছে প্রায় সবারই। ‘ইতিহাসের বোবাকান্না’ বইটিতে গোটা ভারত ভ্রমণের বিবরণ না থাকলেও আছে এর ঐতিহাসিক কিছু এলাকার বিবরণ। প্রায় হাজার বছরের মুসলিম শাসনে আলোকিত ভারতের সোনালি অতীত নিয়ে কলম ধরেছেন জহির উদ্দিন বাবর। তিনি একটি জাতীয় দৈনিকের বার্তা বিভাগে কাজ করেন। ইসলামী ধারার তরুণ লেখকদের জাতীয় সংগঠন বাংলাদেশ ইসলামী লেখক ফোরামের সভাপতি।
লেখক ইতিহাসের মিশেলে এক সপ্তাহ ভারত সফরের বিবরণ তুলে ধরেছেন ‘ইতিহাসের বোবাকান্না’ বইটিতে। সম্প্রতি প্রকাশিত বইটিতে উঠে এসেছে পশ্চিমবঙ্গের কলকাতা, রাজধানী দিল্লি, তাজমহলের শহর আগ্রা এবং মুসলিম অধ্যুষিত উত্তর প্রদেশের দেওবন্দ-থানাভবনসহ ঐতিহাসিক জায়গাগুলোর বিবরণ। পাঁচটি অধ্যায়ে লেখা বইটিতে ভ্রমণবৃত্তান্তের পাশাপাশি উঠে এসেছে ইতিহাসের নানা বাঁক, সভ্যতা-সংস্কৃতি রকমফের, এবং প্রত্যক্ষদর্শী হিসেবে নানা দৃশ্যের জীবন্ত উপস্থাপনা।
বহু গ্রন্থের লেখক জহির উদ্দিন বাবরের লেখা ‘ইতিহাসের বোবাকান্না’য় পাঠক একদিকে পাবেন ভ্রমণের স্বাদ, অন্যদিকে ইতিহাসের প্রাঞ্জল বর্ণনা। লেখকের ঝরঝরে ভাষা এবং সাবলিল উপস্থাপনা পাঠককে টেনে নেয়ার মতো। ইতিহাস ও ভ্রমণকাহিনির মিশেলে বইটি হয়ে ওঠেছে অনবদ্য।
ঝকঝকে প্রচ্ছদে মোড়ানো, বোর্ড বাঁধাই, ১৪৪ পৃষ্ঠার বইটি প্রকাশ করেছে বাংলাবাজারের ইসলামি টাওয়ারের রাহনুমা প্রকাশনী। তবে বইটি পাওয়া যাচ্ছে রকমারি ডকটকমসহ বিভিন্ন অনলাইন বুকশপে।
-ওমর ফারুক মজুমদার
















