পটুয়াখালীতে ট্রলার ডুবি : ৩৬ ঘণ্টা পর দুই শ্রমিকের লাশ উদ্ধার

ইসলাম টাইমস ডেস্ক : পটুয়াখালীর কলাপাড়ায় রাবনাবাদ নদে নিখোঁজ দুই শ্রমিক নুর ইসলাম (৩০) ও সাইফুল ইসলামের (২৮) লাশ উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাতে বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে গেলে তারা নিখোঁজ হন। নিহতদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বাইনবুনিয়া গ্রামে।

নিখোঁজ হওয়ার ৩৪ ঘণ্টা পর রোববার সকালে লাশ দুটি উদ্ধার করেন ডুবুরীরা।

ঘটনার বিবরণে জানা যায়, শুক্রবার রাতে বাল্কহেডের ধাক্কায় ইটবোঝাই ট্রলারটি ডুবে যায়। এ সময় ট্রলারে থাকা সাত শ্রমিদের মধ্যে পাচঁজন সাঁতরে পাড়ে উঠতে পারলেও মো. নুরুল ইসলাম (৩০) ও মো. সাইফুল ইসলাম (২৮) নিখোঁজ হন। খবর পেয়ে কোস্টগার্ড, কলাপাড়া ও বরিশাল ফায়ার সার্ভিসের ডুবুরি দল ট্রলারসহ নিখোঁজ শ্রমিকদের উদ্ধারে অভিযান শুরু করে।

সাঁতরে তীরে ওঠা শ্রমিক মো. মানিক জানায়, শুক্রবার সন্ধ্যায় কলাপাড়ার নীলগঞ্জ ইউনিয়নের নবীপুর গ্রামের মো. রুহুল আমীনের ‘সততা’ ইটভাটা থেকে ইট নিয়ে ট্রলারটি গলাচিপা যাচ্ছিলো। পথে চাম্পাপুর ইউনিয়নের পাটুয়া লঞ্চঘাট এলাকায় ট্রলারটি নোঙর করে রাখা হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে একটি বাল্কহেড এসে নোঙর করা ইটবোঝাই ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে ট্রলারটি সাত শ্রমিকসহ ডুবে যায়। এ সময় দুইজন নিখোঁজ হন।

এ দিকে এই ঘটনায় ঘাতক বাল্কহেডের সাত কর্মচারির বিরুদ্ধে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি করেছেন ডুবে যাওয়া ট্রলারের মালিক নিজাম শরীফ।

পরে পুলিশ মামলার প্রধান আসামি বাল্কহেড কর্মচারি নুরুজ্জামানসহ আফজাল হোসেন ও এনামুল হককে গ্রেফতার করেছে। জব্দ করা হয়েছে বাল্কহেড। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা এসআই বিল্পব মিস্ত্রি।

পূর্ববর্তি সংবাদসংবিধান লঙ্ঘনকারীরা দেশের উন্নয়ন বাদ দিয়ে নিজেদের উন্নয়নে ব্যস্ত ছিলো : প্রধানমন্ত্রী
পরবর্তি সংবাদসুদের টাকায় কেনা জমি ও গাড়ি-বাড়ি ব্যবহারের হুকুম কী?