ইসলাম টাইমস ডেস্ক: শান্তিপূর্ণভাবে ইজতেমা আয়োজন ও দেশব্যাপী তাবলিগের কাজ করতে নতুন নির্দেশনা দিয়েছে সরকার। পুলিশ মহাপরিদর্শক, সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের ইজতেমা উপলক্ষে যে কোনো অপ্রীতিকর পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার জন্য বলা হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ এ বিষয়ে ‘দেশব্যাপী দাওয়াতে তাবলিগ কার্যক্রম ও বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজন নিশ্চিতকরণ প্রসঙ্গে’ শিরোনামে একটি নোটিশে এ কথা জানানো হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ মাহবুবুল আলম স্বাক্ষরিত নোটিশে বলা হয়, বিশ্ব ইজতেমাকে সামনে রেখে দেশব্যাপী দাওয়াতে তাবলিগের কার্যক্রম সুন্দর ও শান্তিপূর্ণভাবে পরিচালনা প্রয়োজন। দেশের বিভিন্ন এলাকা হতে বিশ্ব ইজতেমায় অংশগ্রহণে ইচ্ছুক মুসল্লিগণকে যেন কোনো বাধা প্রদান করা না হয় এবং ইজতেমায় অংশগ্রহণকারীদের মধ্যে কোনো প্রকার বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই লক্ষ্যে তাদের যাতায়াত ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা প্রয়োজন।
একই সঙ্গে আগত দেশি-বিদেশি মেহমানদের মধ্যে কোথাও যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, অসন্তোষ বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই বিষয়ে সতর্ক দৃষ্টি রাখা প্রয়োজন।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দেশব্যাপী দাওয়াতে তাবলিগের কার্যক্রম ও আগামী ১৫-১৮ ফেব্রুয়ারি ২০১৯ তারিখে টঙ্গীতে অনুষ্ঠেয় বিশ্ব ইজতেমায় অংশগ্রহণকারীদের নিরাপদ অংশগ্রহণ নিশ্চিত করার নিমিত্ত সার্বিক সহযোগিতা প্রদানের প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর সাদপন্থী উগ্র এতায়াতিদের নির্মম হামলার পর তাবলিগ জামাতের দু’পক্ষের ভিন্নমুখি অবস্থানের কারণে ২০১৯ সালের বিশ্ব ইজতেমার আয়োজন অনেকটা অনিশ্চিত হয়ে পড়েছিল। সরকারের বিশেষ হস্তক্ষেপে অবশেষে দু’পক্ষকে একসঙ্গে ইজতেমা আয়োজনে সম্মত করানো হয়।
১৪-১৬ ফেব্রুয়ারি আলমি শূরা ও ওলামায়ে কেরামের অনুসারী তাবলিগের সাথীদের ইজতেমা হবে।
















