ইসলাম টাইমস ডেস্ক: পঞ্চগড়ে কাদিয়ানিদের কথিত ইজতেমা অবিলম্বে বন্ধ করে দেয়ার জন্যে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা আহমদ শাহ শফী। তিনি কাদিয়ানিদের সম্মেলন বন্ধ না হওয়া পর্যন্ত সর্বাত্মক আন্দোলন চালিয়ে যাওয়ার জন্যে সর্বস্তরের মুসলমানদের প্রতিও আহ্বান জানান। তিনি বলেন, যদি এ সম্মেলন বন্ধ করা না হয় প্রয়োজনে আমি পঞ্চগড়ে গিয়ে আন্দোলনে শরীক হবো ইনশাআল্লাহ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় হেফাজতের পাঠানো এক বিবৃতিতে এমন হুশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী।
তিনি বলেন, কাদিয়ানিরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম পরিচয় দিয়ে সাধারণ মুসলমানদের সাথে প্রতারণা করে। এরই অংশ হলো পঞ্চগড়ে ২২,২৩ ও ২৪ ফেব্রুয়ারি কাদিয়ানী সম্মেলন। কাদিয়ানি সম্প্রদায় পাঞ্জাবের মির্জা গোলাম আহমদ কাদিয়ানীকে নতুন নবী মানে। তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বশেষ নবী মানে না। তাই তারা নিশ্চিভাবে কাফের।
তিনি বলেন, কাদিয়ানিদের এই ইজতেমা অবিলম্বে বন্ধ করতে হবে। এ ব্যাপারে যারা আন্দোলন করছে তাদের সাথে পরিপূর্ণ একাত্মতা ঘোষণা করছি।
আল্লামা শাহ আহমদ শফী আরো বলেন, খতমে নবুয়তের বরকতময় আন্দোলন যারা করছেন, তারা-সহ সকল দীনি আন্দোলনের নেতাকর্মীদের কালবিলম্ব না করে এই মুহূর্তে পঞ্চগড় গিয়ে প্রিয় নবীজির খতমে নবুয়তের চিরশত্রু কাফের কাদিয়ানিদের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার আহবান জানাচ্ছি।
এদিকে হেফাজতের সাংগঠনিক সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী জানান, তিন দিনব্যাপী (২২, ২৩ ও ২৪ ফেব্রুয়ারি) কাদিয়ানীদের সম্মেলন অবিলম্বে বন্ধের দাবিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় হাটহাজারী মাদ্রাসায় একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
















