ইজতেমার ময়দানে বিদ্যুৎ, পানি, মাইক ও খুঁটি গাড়া শেষ, চট লাগানোর কাজ চলবে আরো ২ দিন

ইসলাম টাইমস প্রতিবেদন: ইজতেমা ময়দান প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে। অতি অল্প সময়ের প্রস্তুতির মধ্যেই সোমবার রাত পর্যন্ত মাঠের বেশ কিছু প্রয়োজনীয় কাজ সম্পন্ন হয়ে গেছে। বাকি আছে চট লাগানো আর বালু ফেলার কিছু কাজ।

জানা গেছে, সোমবার রাতের মধ্যেই ইজতেমা মাঠের বাঁশের খুঁটি গাড়া, মাইক লাগানো, বিদ্যুৎ সংযোগ ও পানি ব্যবস্থাপনার কাজ সম্পন্ন হয়েছে।

পর্যাপ্ত চটের অভাবে প্যান্ডেলের সব জায়গায় সোমবার পর্যন্ত চট লাগিয়ে শেষ করা যায়নি। বাকি রয়েছে টিনশেড মসজিদের পূর্ব দিকে বালু ফেলার কাজও।

গত কয়েক দিন ধরেই ঢাকার বিভিন্ন মাদরাসার ছাত্র-শিক্ষক ও তাবলিগি সাথী ভাইয়েরা দিন ব্যাপি টঙ্গী ইজতেমা মাঠের কাজ করে যাচ্ছেন। মুরব্বিরা জানিয়েছেন, মঙ্গল-বুধবারও দলে দলে স্বেচ্ছাশ্রম দিয়ে ময়দানের খেদমতে নিয়োজিত হবেন তাবলিগের সাথীরা।

সোমবার রাতে খবর পাওয়া গেছে, গাজীপুর সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মাঠের জন্য পর্যাপ্ত চট সরবরাহ করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে চট উম্মুক্ত খুটিগুলোতে লাগানো হবে। অপরদিকে বালু ফেলার বিকল মেশিনের বদলে রাতের মধ্যেই নতুন মেশিন চলে আসার কথা রয়েছে। মেশিন চলে এলে মঙ্গলবার সকাল থেকে অসমান গর্তময় জায়গায় বালু ফেলার কাজও সম্পন্ন করা হবে।

সূত্র জানায়, মঙ্গলবার রাতের মধ্যেই সারা দেশ থেকে ইজতেমা ময়দানের নজমের সাথীদের চলে আসার কথা রয়েছে। তারা এসে খিত্তাওয়ারি খেদমত ও যিম্মাদারিতে যুক্ত হয়ে যাবেন। ধারণা করা হচ্ছে, বুধবার রাতের আগেই ইজতেমার ময়দান সবদিক থেকে অবস্থান ও ব্যবহারের উপযোগী হয়ে উঠবে।

পূর্ববর্তি সংবাদঅ-শিক্ষক ফ্রিল্যান্সারদের কোচিং সেন্টার চালাতে বাধা নেই : হাইকোর্ট
পরবর্তি সংবাদমিরসরাইয়ে দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ, নিহত ৩