নিজস্ব প্রতিবেদক : তাবলিগ জামাতের বিশ্ব ইজতেমার আর বাকি একদিন। আগামী ১৫ ফেব্রুয়ারি শুক্রবার থেকে ইজতেমার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হওয়ার কথা থাকলেও ১৪ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল থেকেই ইজতেমার মাঠের আমল শুরু করা হবে এবং ১৬ ফেব্রুয়ারি শনিবার আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমা শেষ হবে বলে জানিয়েছেন ইজতেমার মাঠের সংশ্লিষ্ট দায়িত্বশীলরা।
তারা বলেছেন, উপস্থিত সাথীদের আমলের সাথে জুড়ে রাখার জন্যই একদিন আগ থেকে আমল শুরু হবে। অতীতেও একদিন আগ থেকে আমল শুরু হতো।
অন্যদিকে চূড়ান্ত পর্যায়ে রয়েছে ইজতেমার মাঠের প্রস্তুতি। মাঠের কাজের অন্যতম জিম্মাদার মোস্তফা ইসলাম টাইমসকে বলেন, আল হামদুলিল্লাহ! ইজতেমার মাঠের প্রস্তুতির কাজ চূড়ান্ত পর্যায়ে রয়েছে। সামান্য কিছু কাজ বাকি আছে। আশা করছি, আগামীকালের মধ্যে তা শেষ হয়ে যাবে। প্রতিদিনের মতো মাদরাসার ছাত্র-শিক্ষকরা এসে কাজে শরিক হয়েছেন। ঢাকার শবগুজারি পয়েন্টের সাথীরাও কাজে শরিক হয়েছেন। সবার সহযোগিতায় আল্লাহর রহমতে দ্রুততম সময়ে মাঠের কাজ শেষ করা গেছে।
তিনি আরও বলেন, ‘মূল কাজের মধ্যে দুটি কাজ বাকি ছিলো। উপরের চট টানানো এবং নামাজের কাতারের দাগ টানা। আলহামদুলিল্লাহ! চটের ব্যবস্থা হয়েছে এবং দাগ টানার কাজও শেষ হয়েছে।’
ইজতেমার মাঠে মুসল্লিরা কবে থেকে আসতে শুরু করবেন জানতে চাইলে? মোস্তফা বলেন, ‘আগামীকাল খিত্তার সাথীরা আসতে শুরু করবেন। রাত থেকে হয়তো সাথীরাও জুড়তে থাকবেন। বিদেশি সাথীরাও বাংলাদেশে আসতে শুরু করেছেন। আগামীকাল হয়তো আরও বিদেশি সাথী আসবেন।’
ইজতেমার সার্বিক নিরাপত্তার বিষয়ে তিনি বলেন, প্রশাসন আমাদের ইজতেমার নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত করেছে। সাথীরা নির্ভয়ে ও সংশয়ে ইজতেমায় অংশগ্রহণ করতে পারেন। আল্লাহর রহমতে শান্তিপূর্ণভাবেই ইজতেমা অনুষ্ঠিত হবে।
তিনি ইজতেমার সাফল্যের জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।
















