মুহাম্মাদ শোয়াইব ।।
পবিত্র কোরআনের প্রাচীনতম পান্ডুলিপি পরিদর্শনের জন্য হাজার হাজার মানুষ ভীড় করছে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিংহাই প্রদেশের সংস্কৃতি ও পর্যটন গ্যালারীতে। পবিত্র কোরআনের প্রাচীনতম ও হস্তলিখিত পাণ্ডুলিপি পরিদর্শন করা হচ্ছে উক্ত গ্যালারিতে।
পাণ্ডুলিপিটি এক পলক দেখার জন্য দৈনিক প্রায় ৬ হাজার মানুষ সংস্কৃতি ও পর্যটন গ্যালারিতে উপস্থিত হচ্ছেন বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিংহাই প্রদেশের কর্মকর্তা ঘোষণা করেছেন, লিখিত পবিত্র কোরআনের প্রাচীনতম হস্তলিখিত পাণ্ডুলিপিটি প্রথমবারের মতো দর্শনার্থীদের পরিদর্শনের জন্য উপস্থাপন করা হয়েছে।
সংস্কৃতি ও পর্যটন বিভাগের কর্মকর্তা বলেন, এই প্রদর্শনী ২৬শে জানুয়ারি শুরু হয়েছে এবং একাধারে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে। প্রাচীন ও ঐতিহাসিক পাণ্ডুলিপিটি দেখার জন্য সিংহাই ও গানসু প্রদেশের সীমান্তবর্তী শীনিংগ শহরের অধিকাংশ অধিবাসী সংস্কৃতি ও পর্যটন গ্যালারিতে উপস্থিত হচ্ছেন।
হস্তলিখিত এই পাণ্ডুলিপিটি ১৫ পারা করে দুইটি খণ্ডে বিভক্ত করা রয়েছে। পাণ্ডুলিপিটির মোট পৃষ্ঠা সংখ্যা ৮৬৭। ধারণা করা হচ্ছে এটি ১১০০ থেকে ১৩০০ খ্রিষ্টাব্দে অনুলিপি করা হয়েছে।
সূত্র: আলবাওয়াবা নিউজ
















