ইসলাম টাইমস ডেস্ক : ইসরাইলের সমালোচনা করায় আমেরিকার মুসলিম কংগ্রেসম্যান ইলহান ওমরকে পদত্যাগের আহবান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মন্ত্রীসভার এক বৈঠকে ট্রাম্প ইলহান ওমরের সমালোচনা করে বলেন, তার কথা মনের ভাবকেই প্রকাশ করে। সে শুধু একটি শব্দই উচ্চারণ করেনি। একই সঙ্গে ইলহানের সমালোচনাকে ‘খোঁড়া’ উল্লেখ করেন।
এরপর ট্রাম্প বলেন, ইলহান ওমরের পদত্যাগ করা উচিৎ। অন্তত তাকে বহিঃবিশ্ব সম্পর্ক বিভাগ থেকে সরিয়ে দেওয়া প্র্রয়োজন।
গত শনিবার ইলহান ওমর এক টুইট বার্তায় আমেরিকার কূটনৈতিকদের উপর আমেরিকান ইসরাইল পাবলিক অ্যাফিয়ার্স কমিটির প্রভাব বিস্তারের সমালোচনা করেন। তার এই টুইট বার্তার পর তিনি আমেরিকান রাজনীতিকদের সমালোচনার মুখে পড়েন এবং স্পিকার ন্যান্সি পিলোসি এই সমালোচনার ব্যাখ্যা জানতে চান।
তবে ইলহান ওমরও তার টুইটের জন্য দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘ইহুদি বিদ্বেষ অবাস্তব কিছু নয়। আমি ইহুদি বন্ধু ও সহকর্মীদের প্রতি কৃতজ্ঞ যারা আমার সামনে ইহুদি বিদ্বেষী বাহিনীর বেদনাদায়ক ইতিহাস তুলে ধরেছেন।’
সূত্র : মিডল ইস্ট মনিটর
















