আবু আম্মার লাবিব ।। ভ্রাম্যমাণ প্রতিবেদক
বাংলাদেশে তাবলিগ জামাতের বিরোধ, সময়ের সংক্ষিপ্ততা ও ভিসা জটিলতারও পর এবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় পাঁচশো মুসল্লি এবারের ইজতেমায় অংশগ্রহণ করেছেন। তারা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব, ভারত-পাকিস্তান, উজবেকিস্তান, ইতালি, লিবিয়িা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছেন।
ইজতেমায় বিদেশি কামরার দায়িত্বে থাকা মোঃ মোখতার ইসলাম টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সময়ের স্বল্পতাসহ বিভিন্ন জটিলতার কারণে এবারের ইজতেমায় বিদেশি মেহমানদের সংখ্যা কম। তবে এখনও বিভিন্ন দেশ থেকে মেহমান আসছেন এবং আশা করছি, আগামীকাল মোনাজাতের আগ পর্যন্ত তা অব্যাহত থাকবে।
এবার বিদেশি মেহমানদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক মালয়েশিয়া থেকে ৬০ জন এবং সর্বনিম্ন জাপান থেকে ১ জন মেহমান এসেছেন বলে জানান তিনি।
এর আগে কাকরাইলের অন্যতম মুরব্বি ইঞ্জিনিয়ার মাহফুজুল হান্নান ইসলাম টাইমকে দেওয়া এক সাক্ষাৎকারে বিদেশি মেহমান কম হওয়ার আশঙ্কা ব্যক্ত করে বলেন, আমরাও ধারণা করছি, এবার বিদেশি জামাত কম আসবে। কারণ, এর আগে ইজতেমার তারিখ দুইবার পেছানোর কারণে তাদের অনেকের টিকিট ফরসিব হয়েছে, সময়ের স্বল্পতার জন্য অনেকের কাছে দাওয়াত পৌঁছানো যায়নি, অথবা এমন সময় পৌঁছেছে যখন তিনি সময় মেলাতে পারেননি, এছাড়াও এবার ভিসা সংক্রান্ত কিছু জটিলতাও তৈরি হয়েছে।
ভিসা সংক্রান্ত জটিলতায় এবার এয়ারপোর্ট বিদেশি মেহমান ফিরে যাওয়ার খবর পাওয়া গেছে।
















