ইসলাম টাইমস ডেস্ক: আইনের শাসন প্রতিষ্ঠা ও মামলার জট কমাতে প্রত্যেক আইনজীবীকে কম করে হলেও দুটি করে মামলা বিনা খরচে পরিচালনার জন্য বলেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, সরকারি খরচে আইনি সহায়তা প্রদানের উদ্যোগের পাশাপাশি সকল আইনজীবীকে অন্তত দুইটি মামলা বিনা খরচে পরিচালনা করা উচিত।
শুক্রবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ সফিউর রহমান অডিটোরিয়ামে বৃহত্তর ময়মনসিংহ সুপ্রিম কোর্ট আইনজীবী কল্যাণ সমিতি আয়োজিত ‘ময়মনসিংহ উৎসব-২০১৯’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
প্রধান বিচারপতি বলেন, আইন পেশার সুমহান মর্যাদা রক্ষা করতে সকল অনিয়মের বিরুদ্ধে বার (আইনজীবী সমিতি) ও বেঞ্চকে (বিচারপতি) সোচ্চার হতে হবে। আইনজীবীদের মেধা, প্রজ্ঞা, দক্ষতা এবং পরিশ্রম আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখছে। আইনজীবী ও বিচারকদের সমন্বিত প্রচেষ্টায় বিচারবিভাগ এগিয় যাবে।
তিনি বলেন, বিচারকগণ সমাজের বিবেক হিসেবে আইন অনুযায়ী তাদের দায়িত্ব পালনে যে শপথ নিয়েছেন তা থেকে নিভৃত হওয়ার কোনো সুযোগ নেই। বিচারক ও আইনজীবী কারোরই দায়িত্ব পালনে কোনো অবহেলা কাম্য নয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন এ কে এম ফজলুল হক, বিচারপতি মো. নুরুজ্জামান, বিচারপতি ওবায়দুল হাসান, বিচারপতি মোস্তফা জামান ইসলাম, জাহাঙ্গীর হোসেন, বিচারপতি বদরুজ্জামান, বিচারপতি মো. আমীর হোসেন, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. মো. জাকির হোসেন, জ্যেষ্ঠ আইনজীবী আফজাল এইচ খান, এ এম আমিন উদ্দিন, শাহ মঞ্জুরুল হক ও শরীফ ইউ আহমেদ প্রমুখ।
















