ইসলাম টাইমস ডেস্ক: আগামীকাল শনিবার টেকনাফে অনুষ্ঠিত হবে ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
পুলিশ সূত্রে জানা গেছে, স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে ইয়াবা তুলে দিয়ে আত্মসমর্পণ করবেন টেকনাফের অন্তত ১২০ জন ইয়াবা ব্যবসায়ী। তাঁরা সবাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত। এদের মধ্যে বহুল আলোচিত সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ভাইসহ অন্তত ১০ জন নিকটাত্মীয় রয়েছেন বলে খবর পাওয়া গেছে।
টেকনাফের মাদকবিরোধী সমাবেশ ও ইয়াবা ব্যবসায়ীদের আত্মসমর্পণ অনুষ্ঠানে যোগ দিতে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তফা কামাল উদ্দিনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা কক্সবাজারে অবস্থান করছেন।
লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাদক নির্মূলে বিজিবিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালাচ্ছে। বিশেষ করে ইয়াবা চোরাচালানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে বিজিবি। পাশাপাশি সীমান্ত দিয়ে অবৈধ অস্ত্র ও কাঠ পাচার এবং সন্ত্রাসী তৎপরতা বন্ধে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।
















