কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে পিটিয়ে হত্যা

ইসলাম টাইমস ডেস্ক: ঢাকার কেরানীগঞ্জে তুচ্ছ ঘটনার জের ধরে আহমদ আলী(৩০) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ বৃহস্পতিবার(১৪ ফেব্রুয়ারি) রাত ১১টায় কলাতিয়া সেন্ট্রাল হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত আহমদ আলী কেরানীগঞ্জ মডেল থানার তারানগর ইউনিয়নের বটতলী ইটখোলা গ্রামের রবিউল হোসেনের ছেলে।

নিহতের চাচা মো. হাবিবুর রহমান গণমাধ্যমকে জানান, ‘আমার ভাতিজা নিহত আহমদ আলীর ছোট ভাই কদ্দুস আলীর সঙ্গে সিরাজ নগর এলাকার হানিফের ছেলে মো. সেলিমের সঙ্গে প্রায় একমাস পূর্বে তুচ্ছ ঘটনা নিয়ে বিরোধ হয়েছিল।

ভাতিজা আহমদ আলী বিকালে কলাতিয়া বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। সে নাজিরপুর নতুন বাজারে পৌঁছালে এসময় পূর্বের ঘটনার জের ধরে সেলিম ও তার ভাইসহ কয়েকজন যুবক তাকে জোরপূর্বক ধরে তাদের বাড়িতে নিয়ে যায়।

আহমদ আলীকে সেখানে আটক করে তারা বেদম প্রহার করে। সে গুরুতরভাবে আহত হলে তারা তাকে কলাতিয়া সেন্ট্রাল হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।’

কেরানীগঞ্জ মডেল থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের জানান, এই ঘটনায় নিহতের বাবা রবিউল হোসেন বাদি হয়ে মডেল থানায় ঘাতকদের বিরুদ্ধে হত্যা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

পূর্ববর্তি সংবাদকিং সউদ ইউনিভার্সিটির ডিনশীপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি দুই শিক্ষার্থী
পরবর্তি সংবাদদ্বীনের দাওয়াতকে জীবনের লক্ষ্য বানিয়ে নিন : মাওলানা জিয়াউল হক