ইসলাম টাইমস ডেস্ক: গাজীপুরের টঙ্গীতে একটি পেপার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টায় দিকে টঙ্গীর ভাদাম এলাকার এননটেক্স গ্রুপের পেপার কর্ণ ফ্যাক্টরিতে এ ঘটনা ঘটে।
রাজধানীর উত্তরা ও টঙ্গী ফায়ার স্টেশন থেকে ৭টি ফায়ার সার্ভিস ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এ ঘটনায় ২ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
আহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। তাদেরকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
টঙ্গী ফায়ার সার্ভিসের ওয়্যার হাউজ ইন্সপেক্টর কবিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুনের তীব্রতা বেশি হওয়ায় ভেতরে প্রবেশ করতে সমস্যা হচ্ছে।
এননটেক্স গ্রুপের এক কর্মকর্তা মো. কবির হোসেন জানান, এখন ক্ষয়ক্ষতির পরিমাপ করা যাবে না। আগুন নেভানোর পর বিস্তারিত বলা যাবে।
এদিকে টঙ্গী ফায়ার সার্ভিস দলের প্রকৌশলী মানিকুজ্জামান গণমাধ্যমকে বলেন, আগুনের সূত্রপাতের কারণ এখনও জানা যায়নি। তবে এননটেক্স এর যেখানে আগুন লেগেছে সেই সেটটি অনেক বড় থাকলেও এখন আগুন আমাদের নিয়ন্ত্রণে। তবে সেটা এখনও আগুনে জ্বলছে বলে জানান ওই প্রকৌশলী।
















