সাদ আবদুল্লাহ মামুন ।।
দেশের শীর্ষ আলেম, সম্মিলিত কওমি শিক্ষাবোর্ড (আল-হাইয়াতুল উলয়া লিল-জামিয়াতিল কওমিয়া বাংলাদেশ)-এর চেয়ারম্যান ও হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা আহমদ শফী এখন ইজতেমার মাঠে অবস্থান করছেন। আজ জুমার নামাজের পূর্বে তিনি ইজতেমার মাঠে পৌঁছান এবং আগামীকাল আখেরি মুনাজাত পর্যন্ত অবস্থান করবেন।
আল্লামা আহমদ শফী ইজতেমার মাঠে তার জন্য নির্মিত বিশেষ কামরায় অবস্থান করছেন। তিনি দোয়া, মুনাজাত ও দ্বীনি আলোচনার মধ্য দিয়ে সময় পার করছেন বলে জানিয়েছেন তার ছেলে ও হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক মাওলানা আনাস মাদানী।
তিনি জানান, আল্লামা আহমদ শফী মাঠে পৌঁছানোর প্রথমে ইজতেমার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজ-খবর নেন। ঠিকমতো ইজতেমা পরিচালিত হচ্ছে জেনে তিনি আল্লাহার দরবারে শোকর আদায় করেন। এরপর তিনি জুমার নামাজ আদায় করেন। জুমার পর সামান্য সময় বিশ্রাম গ্রহণ ছাড়া বাকি সময় তিনি দোয়া-জিকির ও নফল নামাজসহ ব্যক্তিগত আমলের মধ্য দিয়ে সময় পার করছেন।
আল্লামা আহমদ শফী টঙ্গী ময়দানে পৌঁছানোর পর মাঠে অবস্থানরত বিশিষ্ট ওলামায়ে কেরাম তার সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তিনি তাদের সঙ্গে দীনি কথাবার্তা বলেন এবং গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা দেন।
তিনি ওলামায়ে কেরামকে তাবলিগের কাজে বেশি বেশি শরিক হওয়ার পরামর্শ দেন। তিনি বলেন, দাওয়াতের কাজ ওলামায়ে কেরামের। ওলামায়ে কেরাম আরও বেশি মেহনত ও মনোযোগ দিলে আল্লাহ তায়ালা তাবলিগের বর্তমান ফেতনা দূর করে দেবেনে এবং কাজেও বরকত দান করবেন। ইনশাআল্লাহ।
আল্লামা আহমদ শফী ইজতেমার কামিয়াবির (সাফল্যের) জন্য নিজে দোয়া করছেন জানিয়ে অন্যদেরও দোয়া করার আহবান জানান।
তিনি বলেন, আলেম-ওলামাসহ দ্বীনদার মানুষের মেহনতের বদৌলতে আল্লাহ কামিয়াব ইজতেমা দান করেছেন। আল্লাহর অশেষ মেহেরবানি তিনি আমাদের তাওফিক দিয়েছেন। দোয়া করুন, আল্লাহ যেন আমাদের চূড়ান্ত কামিয়াবি দান করেন। দ্বীনের মেহনতের সাথে যুক্ত হয়ে আমাদের জীবনকে দামি করার তাওফিক দেন।
















