একাত্তরের ভূমিকার জন্য জামায়াত ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধের বিচার চলবে

ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুক্তিযুদ্ধে নিজেদের ভূমিকার জন্য ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধীদের বিচার কাজ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

শনিবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান।

ওবায়দুুল কাদের এ সময় বলেন, স্বাধীনতার ৪৭ বছর পর ক্ষমা চাওয়ার বিষয় কেন এল, সেটাও কোনও কৌশল কি না, ভেবে দেখতে হবে।  অফিসিয়ালি তারা এখনও কিছু বলেনি। এটা কৌশলও হতে পারে। তবে ক্ষমা চাইলেও যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের যে বিচার চলছে, সেটা বন্ধ হবে না।

জামায়াতের জ্যেষ্ঠ নেতাদের প্রধান আইনজীবী হিসেবে মামলা লড়া আব্দুর রাজ্জাক ২০১৩ সালে হঠাৎ করেই দেশ ছাড়েন। শুক্রবার সেখান থেকে দলের আমির মকবুল আহমদের কাছে পদত্যাগপত্র পাঠান তিনি।

পদত্যাগ পত্রে আব্দুর রাজ্জাক ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করার জন্য জনগণের কাছে জামায়াতের ক্ষমা না চাওয়া এবং একবিংশ শতাব্দীর বাস্তবতার আলোকে ও অন্যান্য মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশের রাজনৈতিক পরিবর্তনকে বিবেচনায় এনে দলটি নিজেদের সংস্কার না করতে পারার কারণ উল্লেখ করেন।

জামায়াত নতুন নামে এলে আওয়ামী লীগের পক্ষে তাদের স্বাগত জানানো হবে কিনা -এমন প্রশ্নে আওয়ামী লীগ কোনও সিদ্ধান্তই এখনও নেয়নি বলে জানান ওবায়দুল কাদের।

মন্ত্রী বলেন, নতুন বোতলে পুরাতন মদ যদি আসে, তাহলে পার্থক্য কোথায়? জিনিস তো একটাই। তাদের আদর্শটা ঠিক আছে, নতুন নামে একই আদর্শ আসবে, তাহলে পার্থক্যটা কোথায়?

পূর্ববর্তি সংবাদকবি আল মাহমুদের জানাযা সম্পন্ন
পরবর্তি সংবাদবেইলি সেতু ভেঙে শরীয়তপুর-চাঁদপুর যান চলাচল বন্ধ