ইসলাম টাইমস ডেস্ক : বাংলাদেশ খেলাফত আন্দোলনের কেন্দ্রীয় নায়েবে আমীর ও ঢাকা মহানগরীর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী কাদিয়ানী সম্প্রদায়ের পঞ্চগড়ের ইজতেমা বন্ধ করায় প্রশাসনের সকলকে অভিনন্দন জানিয়েছেন।
আজ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি অভিনন্দন জানান।
সাথে সাথে মাওলানা হামিদী কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষনা করার দাবিও জানিয়েছেন। তিনি বলেছেন, আল্লাহ তায়ালা পবিত্র কুরআনে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে শেষ নবী হিসেবে ঘোষণা দিয়েছেন। আর কাদিয়ানী সম্প্রদায় মুহাম্মদ সা.-কে সর্বশেষ নবী হিসেবে বিশ্বাস না করে পবিত্র কুরআনকে অস্বীকার করেছে। তাই তারা কাফের। সারা বিশ্বের ওলামায়ে কেরাম কাদিয়ানীদের অমুসলিম বা কাফের হিসেবে ফতোয়া দিয়েছেন।
তিনি বলেন, ওআইসির ফিকাহ কমিটির সিদ্ধান্তের আলোকে অনেক মুসলিম রাষ্ট্রে কাদিয়ানীদের অমুসলিম ঘোষনা করেছে। সৌদি আরব কাদিয়ানীদের জন্য পবিত্র হজ্জ নিষিদ্ধ করেছে। বাংলাদেশেও কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করে একটি পৃথক সম্প্রদায় হিসেবে তালিকাভুক্ত করতে হবে। যাতে মুসলমান পরিচয় দিয়ে কাদিয়ানীরা জাতিকে বিভ্রান্ত করে ঈমান হরণ করতে না পারে। কাদিয়ানীরা পৃথক ধর্ম হিসেবে স্পষ্ট হলে সংখ্যালঘু সম্প্রদায়ের মত কাদিয়ানীরাও এদেশে বসবাস এবং তাদের ধর্মীয় অনুষ্ঠান করবে। কোন মুসলমান বাধা দিবে না।
মাওলানা হামিদী বলেন, মুসলমান পরিচয় দিয়ে ইসলামী পরিভাষা নামায, রোজা, হজ্জ, যাকাত, মসজিদ, মাহফিল, ইজতেমা, জলসা ইত্যাদি শব্দ ব্যবহার করে এদেশে যখনই কাদিয়ানী সম্প্রদায় কোনো অনুষ্ঠান করবে তখনই উত্তেজনা দেখা দিতে পারে।
















