ইসলাম টাইমস ডেস্ক: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ‘অনিয়মের চিত্র’ তুলে ধরতে আগামী ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য গণশুনানির জন্য জাতীয় ঐক্যফ্রন্টকে কোনো হল বুকিং দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। তিনি বলেন, কোনো হলে জায়গা না পেলে আমরা আল্লাহর আকাশের নিচে কোথাও না কোথাও গণশুনানি করবই।’
আজ রোববার সন্ধ্যায় রাজধানীর আরামবাগে গণফোরামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি ও সমন্বয় কমিটির যৌথ বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
তিনি বলেন, ‘সরকার আমাদের গণশুনানির কথা শুনে নানা বাধা-বিপত্তি তৈরি করছে। কোথাও হল নিতে গেলে হলমালিকেরা পুলিশের অনুমতি নেই বলে দিচ্ছে।
আ স ম রব বলেন, ‘আজ (রোববার) রাত থেকেই বিভিন্ন দলকে গণশুনানিতে অংশ নিতে আহ্বান জানিয়ে চিঠি দেওয়া শুরু হবে। অনেকের সঙ্গে ব্যক্তিগতভাবে ও দলীয়ভাবে যোগাযোগ করা হবে।’ এ ছাড়া সাধারণ ভোটার ও নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শুনানিতে অংশ নিতে গণমাধ্যমের মাধ্যমে আহ্বান জানান তিনি।
এর আগে বিকেল সাড়ে ৪টার দিকে বৈঠকে বসেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ও কেন্দ্রীয় সদস্য জাহেদ উর রহমান, গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন মন্টু ও নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, গণদলের সভাপতি এ টি এম গোলাম মাওলা চৌধুরী প্রমুখ।
















